চাকদহে বাইক সার্ভিস সেন্টারে দাউদাউ আগুন, ভস্মীভূত একাধিক দামী বাইক ও যন্ত্রাংশ

চাকদহে বাইক সার্ভিস সেন্টারে দাউদাউ আগুন, ভস্মীভূত একাধিক দামী বাইক ও যন্ত্রাংশ

নদিয়ার চাকদহে বনগাঁ রাজ্য সড়কের লালপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল একটি বহুজাতিক সংস্থার বাইক সার্ভিস সেন্টার। বুধবার সকালে ঘটা এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রাথমিক অনুমান অনুযায়ী, শর্ট সার্কিটের জেরেই এই বিপত্তি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে সার্ভিস সেন্টারের ভেতর থেকে ধোঁয়া ও আগুনের শিখা বেরোতে দেখেন পথচারীরা। খবর দেওয়া হয় দমকল ও চাকদহ থানায়। তড়িঘড়ি দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সার্ভিস সেন্টারে প্রচুর পরিমাণে মবিল মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পাশের একটি দোকানেও ক্ষয়ক্ষতি হয়।

সার্ভিস সেন্টারের মালিক জানান, আগুনে বেশ কিছু বাইক এবং প্রচুর টাকার যন্ত্রাংশ পুড়ে ছাই হয়ে গেছে। আর্থিক ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা হলেও সৌভাগ্যবশত কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। দমকল বাহিনীর প্রাথমিক ধারণা, শর্ট সার্কিট থেকে মবিলে আগুন লেগে যাওয়ার ফলেই পরিস্থিতি এতটা ভয়াবহ হয়ে উঠেছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *