চাকরি ছাড়লে ২ দিনেই হাতে আসবে সব বকেয়া টাকা, শ্রম আইনে বড় ঘোষণা মোদী সরকারের

দেশের শ্রম বাজারে ঐতিহাসিক পরিবর্তন এনে কার্যকর হতে চলেছে নতুন শ্রম বিধি। ২০২৬ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হতে যাওয়া এই নিয়ম অনুযায়ী, কোনো কর্মী চাকরি ছাড়লে, বরখাস্ত হলে কিংবা সংস্থা বন্ধ হয়ে গেলে মাত্র দুই কার্যদিবসের মধ্যে তাঁর যাবতীয় বকেয়া বা ‘ফুল অ্যান্ড ফাইনাল’ সেটলমেন্ট (FnF) সম্পন্ন করতে হবে। মজুরি আইন ২০১৯-এর অধীনে আনা এই নিয়মের ফলে এখন থেকে আর পাওনার জন্য কর্মীদের মাসের পর মাস অপেক্ষা করতে হবে না। আগে এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে সাধারণত ৩০ থেকে ৯০ দিন পর্যন্ত সময় লাগত, যা সাধারণ কর্মীদের আর্থিক অনিশ্চয়তার মুখে ফেলত।
নতুন এই নির্দেশিকা অনুযায়ী, বকেয়া মেটানোর ক্ষেত্রে শেষ মাসের বেতন, অব্যবহৃত ছুটির টাকা এবং বোনাস বা ইনসেনটিভের মতো সমস্ত পাওনা অন্তর্ভুক্ত থাকবে। তবে কোনো ক্ষেত্রে বিশেষ প্রশাসনিক কারণে এই নিষ্পত্তির সময়সীমা সর্বোচ্চ এক মাস পর্যন্ত বাড়তে পারে। অফিস-সংক্রান্ত ভ্রমণ খরচ বা ঋণের মতো বিষয়গুলোও এই নির্দিষ্ট সময়ের মধ্যেই সমন্বয় করতে হবে সংস্থাগুলোকে। এই পদক্ষেপের ফলে কর্মীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি করপোরেট সংস্থাগুলোর স্বচ্ছতাও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।
শ্রম আইনের আর একটি উল্লেখযোগ্য পরিবর্তন হলো গ্র্যাচুইটির নিয়মে বদল। আগে একটানা পাঁচ বছর কাজ না করলে গ্র্যাচুইটি পাওয়া যেত না, তবে নতুন আইনে মাত্র এক বছর চাকরির পরই কর্মীরা গ্র্যাচুইটি পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। গ্র্যাচুইটির এই অর্থ চাকরি ছাড়ার ৩০ দিনের মধ্যে প্রদান করা বাধ্যতামূলক করা হয়েছে। কর্মসংস্থান এবং সামাজিক সুরক্ষার ক্ষেত্রে এই সংস্কারগুলো সাধারণ চাকুরিজীবীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করবে এবং তাঁদের অধিকারকে আরও শক্তিশালী করবে।