চারধাম যাত্রার অনলাইন রেজিস্ট্রেশন শুরু, জেনে নিন আবেদন পদ্ধতি

চলতি বছরের উত্তরাখণ্ড চারধাম যাত্রার অনলাইন বুকিং প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আগামী ১৯ এপ্রিল থেকে এই পবিত্র যাত্রা শুরু হতে চলেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যথাযথ রেজিস্ট্রেশন বা নিবন্ধন ছাড়া কোনো ভক্তই এবার চারধাম যাত্রা করতে পারবেন না। যাত্রীদের সুবিধার্থে অনলাইনের পাশাপাশি অফলাইনেও নিবন্ধনের ব্যবস্থা রাখা হয়েছে, যার জন্য বিশেষ ৫০টি কাউন্টার খোলা হয়েছে।
আগ্রহী তীর্থযাত্রীরা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে ‘registrationandtouristcare.uk.gov.in’ ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করতে পারবেন। এছাড়া ‘ট্যুরিস্ট কেয়ার উত্তরাখণ্ড’ অ্যাপ অথবা ৮৩৯৪৮৩৩৮৩৩ নম্বরে হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমেও নিবন্ধনের সুযোগ রয়েছে। রেজিস্ট্রেশনের জন্য আধার বা ভোটার কার্ডের মতো পরিচয়পত্র প্রয়োজন হবে। প্রক্রিয়াটি সম্পন্ন হলে একটি ইউনিক রেজিস্ট্রেশন নম্বরসহ ট্রাভেল কার্ড ডাউনলোড করা যাবে।
যাত্রার শুরুতেই ব্যাপক সাড়া মিলেছে এবং প্রথম দিনেই প্রায় ১ লক্ষ ২৩ হাজার ৭৮৮ জন ভক্ত আবেদন করেছেন। তীর্থযাত্রীদের সহায়তার জন্য প্রশাসন ০১৩৫-১৩৬৪ হেল্পলাইন নম্বরটি চালু করেছে। বিশৃঙ্খলা এড়াতে এবং যাত্রা সুনিশ্চিত করতে সকল ভক্তকে অতি দ্রুত এই ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের নাম নথিভুক্ত করার পরামর্শ দেওয়া হচ্ছে।