চারবার ব্যর্থতার পর অবশেষে বিক্রি হলো দাউদ ইব্রাহিমের পৈতৃক সম্পত্তি

মহারাষ্ট্রের রত্নগিরি জেলার মুম্বাকে গ্রামে অবস্থিত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের চারটি পৈতৃক জমি অবশেষে নিলামে বিক্রি হয়েছে। স্মাগলারস অ্যান্ড এক্সচেঞ্জ ম্যানিপুলেটরস (সাফেমা) আইনের অধীনে গত ৫ মার্চ কেন্দ্রীয় সরকার এই নিলাম প্রক্রিয়া সম্পন্ন করে। এর আগে ২০১৭ থেকে ২০২৫ সালের মধ্যে চারবার চেষ্টা করেও ভীতি ও বিতর্কের কারণে কোনো ক্রেতা পাওয়া যায়নি। দাউদের মা আমিনা বি-র নামে থাকা এই সম্পত্তিগুলো নব্বইয়ের দশকেই বাজেয়াপ্ত করেছিল প্রশাসন।
নিলামে ওঠা চারটি জমির মধ্যে একটির দাম উঠেছে ১০ লক্ষ টাকারও বেশি, যা মুম্বইয়ের এক ব্যক্তি কিনেছেন। বাকি তিনটি জমি অন্য একজন ক্রেতা সংগ্রহ করেছেন। যদিও ২০২৫ সালে জমিগুলোর দাম ৩০ শতাংশ কমানো হয়েছিল, তবুও আইনি জটিলতা ও ডি-কো ম্পা নির ভয়ে এতদিন কেউ এগিয়ে আসেনি। নিয়ম অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল মাসের শুরুর দিকে বিজয়ী দরদাতাদের সম্পূর্ণ অর্থ জমা দিতে হবে, যার পরেই কর্তৃপক্ষ জমি হস্তান্তরের চূড়ান্ত অনুমোদন দেবে।
১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণের মূল চক্রী দাউদ ইব্রাহিম বর্তমানে ভারতের মোস্ট ওয়ান্টেড অপরাধী। ভারতের দাবি অনুযায়ী সে পাকিস্তানে আত্মগোপন করে থাকলেও ইসলামাবাদ তা বরাবরই অস্বীকার করেছে। দীর্ঘ প্রতীক্ষার পর এই সম্পত্তি বিক্রিকে প্রশাসনিক ও আইনি ব্যবস্থার একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। ইতিপূর্বে দিল্লির আইনজীবী অজয় শ্রীবাস্তব দাউদের সম্পত্তি কেনার চেষ্টা করলেও নানা জটিলতায় তা পূর্ণতা পায়নি, তবে এবারের প্রক্রিয়াটি সফল সমাপ্তির দিকে এগোচ্ছে।