চা-শ্রমিকদের বঞ্চনার অভিযোগে লোকসভায় তৃণমূলকে বিঁধলেন নির্মলা সীতারমণ

চা-শ্রমিকদের বঞ্চনার অভিযোগে লোকসভায় তৃণমূলকে বিঁধলেন নির্মলা সীতারমণ

পশ্চিমবঙ্গের চা-বাগান শ্রমিকদের রাজ্য সরকার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে বলে বুধবার লোকসভায় সরব হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। অর্থ বিল ২০২৬ নিয়ে আয়োজিত বিতর্কের জবাবি ভাষণে তিনি অভিযোগ করেন, রাজ্যের প্রায় ৩ লক্ষ ৭৯ হাজার চা-শ্রমিক কেন্দ্রীয় সুযোগ-সুবিধা পাচ্ছেন না। তৃণমূল কংগ্রেসের সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ থাকা সত্ত্বেও কেন দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত এই শ্রমিকদের প্রতি সঠিক বিচার করা হয়নি।

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মতে, ২০২১ সালের বাজেটে পশ্চিমবঙ্গ ও আসামের চা-শ্রমিকদের কল্যাণে ‘প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন’ প্রকল্পে ১ হাজার কোটি টাকা বরাদ্দ করেছিল মোদী সরকার। বর্তমান বাজেটে সেই তহবিলের মেয়াদ আরও এক বছর বাড়ানো হলেও, পশ্চিমবঙ্গ সরকার এর সদ্ব্যবহার করেনি বলে তিনি দাবি করেন। বিশেষত উত্তরবঙ্গের চা-বলয়ে রাজনৈতিক তৎপরতা বৃদ্ধির আবহে অর্থমন্ত্রীর এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

সাফল্যের খতিয়ান তুলে ধরে সীতারমণ জানান, বর্তমানে ভারত সংস্কারের পথে দ্রুতগতিতে এগোচ্ছে। কেন্দ্র সরকার এমএসএমই, কৃষক এবং সমবায় ক্ষেত্রকে শক্তিশালী করতে বদ্ধপরিকর। কর্মসংস্থান সৃষ্টি ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়নে এই ক্ষেত্রগুলিই মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। সরকারের গৃহীত দৃঢ় পদক্ষেপগুলো অর্থনীতিকে আরও মজবুত করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *