চিংড়িঘাটায় ট্রাফিক ব্লকের অনুমতি মিলল, এবার এক মেট্রোয় নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ

অবশেষে কাটল আইনি জট। দীর্ঘ টালবাহানার পর চিংড়িহাটা এলাকায় মেট্রোর কাজের জন্য ট্রাফিক ব্লকের অনুমতি দিল কলকাতা পুলিশ। এর ফলে অরেঞ্জ লাইনে নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত নিরবচ্ছিন্ন মেট্রো পরিষেবা চালুর পথ প্রশস্ত হলো। আগামী ১৫ মে থেকে এই এলাকায় ট্রাফিক ব্লকের কাজ শুরু হতে চলেছে।
মেট্রো রেল সূত্রের খবর, প্রকল্পের মাত্র ৩৬৬ মিটার অংশের কাজ বাকি রয়েছে। চিংড়িহাটা মোড়ে কয়েকটি পিলারের উপর গার্ডার বসিয়ে ট্র্যাক তৈরির কাজ শেষ হলেই এই রুটটি সম্পূর্ণ জুড়ে যাবে। বর্ষা শুরু হওয়ার আগেই এই গুরুত্বপূর্ণ নির্মাণকাজ শেষ করতে চায় মেট্রো কর্তৃপক্ষ। কলকাতা পুলিশের এই সবুজ সঙ্কেত প্রকল্পের গতি কয়েক গুণ বাড়িয়ে দিল।
উল্লেখ্য, চিংড়িহাটায় ট্রাফিক ব্লক নেওয়া নিয়ে রাজ্য সরকার ও মেট্রো কর্তৃপক্ষের মধ্যে দীর্ঘ সংঘাত চলে। মামলা গড়ায় কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত। শীর্ষ আদালত এই মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখে এবং রাজ্য সরকারকে মামলাটি তুলে নেওয়ার নির্দেশ দেয়। বিচারপতিদের পর্যবেক্ষণ ছিল, জনস্বার্থবাহী প্রকল্প নিয়ে রাজনীতি করা অনুচিত।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ শুনানির সময় রাজ্য সরকারের ভূমিকার কড়া সমালোচনা করেন। আদালত স্পষ্ট জানায়, সাংবিধানিক দায়িত্ব পালনের ক্ষেত্রে গাফিলতি কাম্য নয়। উন্নয়নের কাজে অযথা জেদ না করে হাইকোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করার নির্দেশ দেয় শীর্ষ আদালত।
নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত সম্প্রসারিত এই মেট্রো লাইনের ভবিষ্যৎ দীর্ঘদিন ধরে চিংড়িহাটার এই ৩৬৬ মিটারে থমকে ছিল। পিলার নির্মাণের জন্য প্রয়োজনীয় ট্রাফিক নিয়ন্ত্রণের অনুমতি মেলায় এবার দ্রুত কাজ শেষ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই রুটটি চালু হলে পূর্ব কলকাতার যাতায়াত ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আসবে।
প্রশাসন ও মেট্রো কর্তৃপক্ষের সমন্বয়ে দ্রুত কাজ শেষ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ১৫ মে থেকে শুরু হতে চলা এই ট্রাফিক ব্লকের সময় যাতে সাধারণ মানুষের ভোগান্তি না হয়, সেদিকেও নজর রাখা হবে। সব ঠিক থাকলে বছরের শেষভাগেই শহরবাসী এক মেট্রোয় নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ যাতায়াত করতে পারবেন।