চিনা মধ্যস্থতা ব্যর্থ: পাকিস্তানের তিন শর্ত খারিজ করল তালিবান, উত্তপ্ত ডুরান্ড লাইন

চিনের শিনজিয়াং প্রদেশের উরুমকিতে আয়োজিত পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার শান্তি বৈঠক ফের ভেস্তে যাওয়ার মুখে। ডুরান্ড লাইনের দীর্ঘস্থায়ী সীমান্ত সংঘাত নিরসনে বেজিংয়ের মধ্যস্থতায় দুই দেশ আলোচনায় বসলেও ইসলামাবাদের দেওয়া তিনটি কঠোর শর্ত প্রত্যাখ্যান করেছে তালিবান প্রশাসন। এর আগে গত ডিসেম্বরে রিয়াধে অনুষ্ঠিত অনুরুপ একটি বৈঠকও ব্যর্থ হয়েছিল।
পাকিস্তানের দেওয়া শর্ত অনুযায়ী, তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি-কে সরকারিভাবে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা এবং আফগান মাটি থেকে তাদের সমূলে নির্মূলের দাবি জানানো হয়। পাশাপাশি টিটিপি বিরোধী অভিযানের প্রমাণও চেয়েছে পাকিস্তান। তবে তালিবান শুরু থেকেই টিটিপি-কে পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় হিসেবে চিহ্নিত করে এই দায়ভার নিতে অস্বীকার করেছে।
পাল্টা অভিযোগে তালিবান জানিয়েছে, পাকিস্তান বেআইনিভাবে আকাশপথে হামলা চালিয়ে সাধারণ নাগরিকদের হত্যা করছে। সম্প্রতি ২১ ফেব্রুয়ারি পাকিস্তানের বিমান হামলায় বহু সাধারণ মানুষের প্রাণহানির ঘটনায় ডুরান্ড লাইন বরাবর উত্তেজনা চরম আকার ধারণ করেছে। বর্তমানে দুই দেশের ২৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তে অন্তত ৫৩টি স্থানে দফায় দফায় সংঘর্ষ চলছে।