চিন্নাস্বামীতে প্রস্তুতির ঘাটতি ও শোকের আবহে শুরু হচ্ছে আইপিএল

চিন্নাস্বামীতে প্রস্তুতির ঘাটতি ও শোকের আবহে শুরু হচ্ছে আইপিএল

আগামী শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচের মাধ্যমে শুরু হচ্ছে আইপিএলের ১৯তম আসর। তবে উদ্বোধনী ম্যাচের ৪৮ ঘণ্টা আগেও বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের গ্যালারি ও প্রবেশপথের নির্মাণকাজ শেষ হয়নি। গত বছরের ৪ জুনের মর্মান্তিক পদপিষ্টের ঘটনার পর স্টেডিয়াম সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হলেও নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করতে হিমশিম খাচ্ছেন শ্রমিকরা। মাঠের বাইশ গজ প্রস্তুত থাকলেও স্টেডিয়ামের বাকি অংশে এখনও ব্যস্ততা তুঙ্গে।

দুর্ঘটনায় মৃত ১১ জন সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিসিসিআই এবারের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করেছে। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, বিনোদনমূলক অনুষ্ঠানের পরিবর্তে সশ্রদ্ধ নীরবতার মাধ্যমে মরসুম শুরু হবে। তবে আগামী ৩১ মে ফাইনালের দিন বড় ধরনের সমাপনী অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে বিসিসিআইয়ের। গতবার ইডেন গার্ডেনসে শাহরুখ খান ও শ্রেয়া ঘোষালদের উপস্থিতিতে যে উন্মাদনা ছিল, এবার তা শোকের গাম্ভীর্যে ঢাকা পড়েছে।

ম্যাচ চলাকালীন নিহতদের স্মরণে স্টেডিয়ামে ১১টি আসন ফাঁকা রাখা হবে এবং একটি স্মৃতিফলক উন্মোচন করা হবে। এমনকি ক্রিকেটাররা অনুশীলনের সময় ১১ নম্বর জার্সি পরে মাঠে নামবেন। একদিকে আসাম্পূর্ণ পরিকাঠামো আর অন্যদিকে কড়া নিরাপত্তা ও সুরক্ষার চ্যালেঞ্জ—এই দুই পরিস্থিতির মাঝেই এবারের মেগা ইভেন্ট যাত্রা শুরু করছে। ৪ জুনের দুঃসহ স্মৃতি মাথায় রেখে দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন আয়োজকদের প্রধান লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *