চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল চলাকালীন মোবাইল চুরি চক্রের পর্দাফাঁস: গ্রেপ্তার ১৩

গত রবিবার এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ চলাকালীন বিপুল সংখ্যক মোবাইল চুরির ঘটনা ঘটেছে। দর্শকদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ একটি আন্তঃরাজ্য চোর চক্রের ১৩ জন সদস্যকে গ্রেপ্তার করেছে। ধৃতদের কাছ থেকে ৭৫টি দামি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৯ জন নাবালক এবং ৪ জন প্রাপ্তবয়স্ক রয়েছে।
তদন্তে জানা গেছে, বিহার ও ঝাড়খণ্ডের এই চক্রটি টিকিট ছাড়াই স্টেডিয়ামে প্রবেশ করত এবং দলের জার্সি পরে ভিড়ের মধ্যে মিশে যেত। দর্শকরা খেলার উত্তেজনায় অন্যমনস্ক হলেই তারা হাতসাফাই করত। এমনকি নিজেদের মধ্যে যোগাযোগের জন্য বিশেষ মোবাইল ফোন ব্যবহার করত তারা। ধৃত প্রাপ্তবয়স্কদের মধ্যে শুভম, এশাল, সঞ্জিত ও সোহান কুমারকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং নাবালকদের পর্যবেক্ষণ কেন্দ্রে পাঠানো হয়েছে।
পুলিশের দাবি, ধরা পড়ার ঝুঁকি এড়াতে পরিকল্পিতভাবে নাবালকদের এই চক্রে নিয়োগ ও প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। স্টেডিয়ামের ভেতরে এবং প্রবেশদ্বারের ভিড়কে কাজে লাগিয়ে তারা এই অপারেশন চালাত। বেঙ্গালুরু পুলিশের ধারণা, এই চক্রের জাল দেশের অন্যান্য শহরেও বিস্তৃত রয়েছে। পলাতক বাকি সদস্যদের খোঁজে বর্তমানে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে।