চিন ছেড়ে ভারত অভিমুখে ৭টি রুশ তেলবাহী জাহাজ, মাঝসাগরেই বদলাল গন্তব্য

দক্ষিণ চিন সাগরে পৌঁছে হঠাৎই গতিপথ পরিবর্তন করে ভারতের দিকে রওনা হয়েছে রাশিয়ার সাতটি বিশালাকায় তেলবাহী জাহাজ। গত জানুয়ারি মাসে বাল্টিক বন্দর থেকে তেল বোঝাই করে জাহাজগুলি চিনের রিজাও বন্দরের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। তবে সাম্প্রতিক ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে গন্তব্য বদলে আগামী ২১শে মার্চ ভারতের ম্যাঙ্গালোর বন্দরে এগুলির পৌঁছানোর কথা রয়েছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দেওয়ায় বিকল্প উৎস হিসেবে রাশিয়ার ওপর নির্ভরতা বাড়িয়েছে নয়াদিল্লি। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে তেল আমদানিতে বিশেষ ছাড়ের সুযোগ থাকলেও, ভারত স্পষ্ট করেছে যে জাতীয় স্বার্থ ও সাশ্রয়ী মূল্যের ভিত্তিতেই তারা আমদানির উৎস নির্ধারণ করছে। এই প্রক্রিয়ায় আমদানিকারক দেশের সংখ্যা ২৭ থেকে বাড়িয়ে ৪০ করেছে ভারত।
ইরান ও সংলগ্ন অঞ্চলে উত্তেজনার ফলে সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় প্রায় ৩ কোটি ব্যারেল রুশ তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় জ্বালানি সংস্থাগুলি। হরমুজ প্রণালীর অস্থিরতা সত্ত্বেও দেশের অভ্যন্তরে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নয়াদিল্লি ও মস্কোর মধ্যে কৌশলগত আলোচনার মাধ্যমেই এই জাহাজগুলোর গতিপথ পরিবর্তন করা হয়েছে বলে মনে করা করছেন বিশেষজ্ঞরা।