চীনের বদলে ভারতমুখী রুশ তেলবাহী ট্যাঙ্কা মাঝসমুদ্রে রুট পরিবর্তনের নেপথ্যে বড় কারণ

বাল্টিক সাগর থেকে চীনের রিঝাও বন্দরের উদ্দেশ্যে রওনা হওয়া রাশিয়ার তেলবাহী জাহাজ ‘অ্যাকোয়া টাইটান’ মাঝসমুদ্রে হঠাৎ গতিপথ পরিবর্তন করেছে। দক্ষিণ চীন সাগর থেকে ইউ-টার্ন নিয়ে বিশালাকার এই ট্যাঙ্কারটি এখন ভারতের নিউ ম্যাঙ্গালোর বন্দরের দিকে অগ্রসর হচ্ছে। শিপ ট্র্যাকিং তথ্য অনুযায়ী, আগামী ২১ শে মার্চ এটি গন্তব্যে পৌঁছানোর কথা রয়েছে। মূলত ইরান যুদ্ধের আবহে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় এই কৌশলগত পরিবর্তন বলে মনে করা হচ্ছে।
আমেরিকার পক্ষ থেকে রুশ তেল আমদানিতে ভারতকে সাময়িক ছাড় দেওয়ার ইঙ্গিত মিলতেই এই তৎপরতা শুরু হয়েছে। হরমুজ প্রণালী অশান্ত থাকায় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারতীয় শোধনাগারগুলো রাশিয়ার কাছ থেকে তেল আমদানির পরিমাণ দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, ভারত প্রায় ৩ কোটি ব্যারেল রুশ তেল কেনার পরিকল্পনা করেছে। ফলে চীনগামী জাহাজগুলো এখন ভারতের বাজারের দিকে ঝুঁকছে।
সংশ্লিষ্ট তথ্যমতে, কেবল ‘অ্যাকোয়া টাইটান’ নয়, অন্তত সাতটি রুশ তেলবাহী ট্যাঙ্কার চীনের বদলে এখন ভারতের দিকে আসার সিগন্যাল দিচ্ছে। এর মধ্যে কাজাখ ক্রুড নিয়ে আসা ‘জউজউ এন’ নামক অপর একটি জাহাজ ২৫ শে মার্চ গুজরাটের সিক্কা বন্দরে পৌঁছাতে পারে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের ডামাডোলে ভারত ছাড়াও জাপান ও দক্ষিণ কোরিয়া পুনরায় রাশিয়ার তেলের দিকে ঝুঁকেছে, যার ফলে বিশ্ববাজারে রুশ তেলের চাহিদা ও দাম বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।