চুঁচুড়ায় তৃণমূলের অন্দরে বিদ্রোহ টিকিট না পেয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা বিধায়ক অসিত মজুমদারের

চুঁচুড়ায় তৃণমূলের অন্দরে বিদ্রোহ টিকিট না পেয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা বিধায়ক অসিত মজুমদারের

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই হুগলির চুঁচুড়ায় তীব্র রাজনৈতিক অসন্তোষ দানা বেঁধেছে। বিদায়ী বিধায়ক তথা দাপুটে নেতা অসিত মজুমদারকে সরিয়ে দলের তরুণ তুর্কি দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করায় ক্ষোভে ফেটে পড়েছেন অনুগামীরা। নিজের নাম তালিকায় না দেখে শীর্ষ নেতৃত্বের প্রতি তীব্র শ্লেষ উগড়ে দিয়ে রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা করেছেন বিক্ষুব্ধ এই বিদায়ী বিধায়ক।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে অসিত মজুমদার সাফ জানান, দলের জন্য দীর্ঘকাল কাজ করলেও বর্তমানে তাঁকে গুরুত্বহীন মনে করা হচ্ছে। অভিমানে তিনি পুনরায় আইন পেশায় ফিরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। গত কয়েক বছর ধরে স্থানীয় সংগঠনের দায়িত্ব একা হাতে সামলানোর পর ‘বহিরাগত’ হিসেবে দেবাংশুর আগমনকে তিনি মেনে নিতে পারছেন না। তাঁর এই কঠোর অবস্থান জোড়াফুল শিবিরের অস্বস্তি বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

এদিকে তৃণমূলের এই অভ্যন্তরীণ কোন্দল নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, পুরনো কর্মীদের আসাম্মান করাই এখন ঘাসফুল শিবিরের সংস্কৃতি। চুঁচুড়ার মাটিতে দেবাংশুর লড়াই শুরু হওয়ার আগেই বর্ষীয়ান নেতার এই বিদ্রোহ দলের জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার, কালীঘাটের হস্তক্ষেপে এই বরফ গলে কি না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *