চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সম্ভাবনা

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সম্ভাবনা

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দামামা বাজতে শুরু করেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ না হলেও ভোটের তারিখ ঘোষণা করা যেতে পারে। সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে কমিশন স্পষ্ট করেছে যে, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত হালনাগাদ হওয়া ভোটার তালিকার ভিত্তিতেই নির্বাচনী প্রক্রিয়া পরিচালিত হবে। ফলে ভোটার তালিকার পূর্ণাঙ্গ রূপ পাওয়ার আগেই রাজ্যে ভোটের বাদ্যি বাজার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে।

বর্তমানে রাজ্যে খসড়া তালিকা থেকে প্রায় ৫৮ লক্ষ নাম বাদ পড়া নিয়ে বিতর্ক রয়েছে। শীর্ষ আদালত জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারির পরেও ধাপে ধাপে চূড়ান্ত তালিকা প্রকাশ করা সম্ভব। তবে ভোটার সংখ্যা নিয়ে অনিশ্চয়তা থাকায় আপাতত বুথ বিন্যাসে বড় কোনো পরিবর্তনের পথে হাঁটছে না মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। এসআইআর প্রক্রিয়া আসাম্পূর্ণ থাকায় পুরনো বুথ কাঠামোই বহাল থাকছে, যদিও জনবহুল বহুতল এলাকায় বিশেষ প্রয়োজনে কিছু অতিরিক্ত বুথ যুক্ত হতে পারে।

পূর্বে ভোটার সংখ্যা ১২০০ অতিক্রম করলে নতুন বুথ তৈরির পরিকল্পনা থাকলেও, বর্তমান পরিস্থিতিতে তা স্থগিত রাখা হয়েছে। প্রায় ১৪ হাজার বাড়তি বুথের প্রয়োজনীয়তার ইঙ্গিত মিললেও চূড়ান্ত ভোটার সংখ্যা নিশ্চিত না হওয়া পর্যন্ত কমিশন পুরনো পরিকাঠামোতেই ভরসা রাখছে। প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট করেছে যে, তথ্যের অসঙ্গতি বা যাচাই প্রক্রিয়া বাকি থাকলে তা পর্যায়ক্রমে সম্পন্ন করা যাবে, যা নির্বাচন প্রক্রিয়া দ্রুত শুরু করার পথ প্রশস্ত করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *