চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ: ৬৮ লক্ষ নাম বাতিলের সম্ভাবনা

পশ্চিমবঙ্গে বিশেষ ভোটার তালিকা সংশোধনের কাজ শেষে আজ চূড়ান্ত তালিকা প্রকাশিত হচ্ছে। খসড়া তালিকার ৫৮ লক্ষ নামের সাথে অতিরিক্ত ৯ লক্ষ নাম বাদ পড়ায় মোট বাতিল সংখ্যা ৬৮ লক্ষে পৌঁছেছে। এছাড়া, ৬০ লক্ষ ভোটারের তথ্যে অসংগতি থাকায় সেগুলিকে ‘অ্যাডজুডিকেটেড’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। শনিবার দুপুরের মধ্যেই এই তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে।
নাগরিকরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ও ‘ইসিআইনেট’ অ্যাপে ‘সার্চ ইন ইলেক্টোরাল রোল’ অপশনে গিয়ে এপিক নম্বর ও প্রয়োজনীয় তথ্য দিয়ে নিজেদের নাম যাচাই করতে পারবেন। তবে বিএলও-দের কাছে এখনই তালিকা পাওয়া যাবে না।
রাজনৈতিক দলগুলিকে পেন ড্রাইভের মাধ্যমে তালিকা দেওয়া হবে। সাধারণ মানুষের জন্য বিডিও, এসডিও ও জেলাশাসকের কার্যালয়ে তালিকা টাঙানো হবে। যেসব নামের পাশে ‘অ্যাডজুডিকেটেড’ রয়েছে, সেগুলি যাচাই সাপেক্ষে পরবর্তী সাপ্লিমেন্টারি তালিকায় যুক্ত হতে পারে।