চৈত্রের দাবদাহ উপেক্ষা করে পুরুলিয়ায় দেব-কে দেখতে জনজোয়ার

চৈত্রের তীব্র গরম ও কড়া রোদ উপেক্ষা করে প্রিয় অভিনেতা তথা সাংসদ দীপক অধিকারী ওরফে দেব-কে একঝলক দেখতে পুরুলিয়ার রাস্তায় উপচে পড়ল সাধারণ মানুষের ভিড়। বান্দোয়ানের প্রার্থী রাজীব লোচন সরেন এবং বলরামপুরের শান্তিরাম মাহাতোর সমর্থনে আয়োজিত এই রোড শো ঘিরে তৈরি হয় তুমুল উন্মাদনা। বরাবাজারের রাগমা মাঠে হেলিকপ্টারে নামার পর থেকেই সাধারণ মানুষ, কলেজ পড়ুয়া ও স্কুল পড়ুয়ারা প্রিয় নায়ককে সামনে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন।
বরাবাজার ও বলরামপুরের এই মিছিলে আদিবাসী সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। হুড খোলা গাড়িতে তৃণমূল প্রার্থীদের পাশে নিয়ে প্রচারের সময় দেব করজোড়ে সকলকে অভিবাদন জানান এবং ভক্তদের সেলফির আবদার মেটান। প্রিয় অভিনেতাকে একবার ছুঁয়ে দেখতে দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ গৃহবধূদের ভিড়ও ছিল নজরকাড়া, যা কার্যত জনসমুদ্রের আকার নেয়।
তবে বলরামপুরে নির্ধারিত গন্তব্যের আগেই দেবের রোড শো শেষ হওয়ায় কিছুটা হতাশ হন উপস্থিত অনুরাগীদের একাংশ। এই প্রসঙ্গে প্রার্থী শান্তিরাম মাহাতো জানান, শারীরিক অসুস্থতার কারণেই নির্দিষ্ট সময়ের আগেই দেব গাড়ি থেকে নেমে যেতে বাধ্য হন। তা সত্ত্বেও ঘাটালের সাংসদ যতক্ষণ ছিলেন, তাঁর উজ্জ্বল উপস্থিতিতে সমগ্র নির্বাচনী প্রচার এক অন্য মাত্রা পায় এবং বলরামপুর বাজার এলাকায় ব্যাপক সাড়া ফেলে।