ছাত্রী কমরেডকে যৌন হেনস্থার অভিযোগে উত্তাল বাম শিবির সম্মেলন শুরুর আগেই চরম অস্বস্তিতে এসএফআই

ছাত্রী কমরেডকে যৌন হেনস্থার অভিযোগে উত্তাল বাম শিবির সম্মেলন শুরুর আগেই চরম অস্বস্তিতে এসএফআই

কলকাতা জেলা সম্মেলনের ঠিক আগেই যৌন হেনস্থার গুরুতর অভিযোগে বিদ্ধ হলেন এসএফআইয়ের এক প্রথম সারির ছাত্র নেতা। অভিযুক্ত ও অভিযোগকারিণী দুজনেই সংগঠনের কলকাতা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য হওয়ায় সিপিএমের অন্দরে শোরগোল পড়ে গিয়েছে। অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠলেও বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

লিখিত অভিযোগে ওই ছাত্রী কমরেড জানিয়েছেন, অভিযুক্ত নেতার সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক ছিল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়। পরবর্তীকালে ওই ছাত্রী জানতে পারেন যে অভিযুক্ত নেতা আরও একাধিক মহিলার সঙ্গে সম্পর্কে লিপ্ত। এই নিয়ে প্রতিবাদ করলে তাঁকে ‘বৌদ্ধিক স্তরে নিম্নমানের’ বলে অপমান করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় অভিযোগকারিণী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।

সংগঠন সূত্রে খবর, অভিযুক্ত ছাত্র নেতা বেলেঘাটা এলাকার বাসিন্দা এবং এসএফআইয়ের রাজ্য কমিটিরও সদস্য। এমনকি কলকাতা জেলা এসএফআইয়ের সভাপতি বা সম্পাদক হওয়ার দৌড়েও তাঁর নাম রয়েছে। সম্মেলন চলাকালীন এই বিতর্ক যাতে বড় আকার না নেয়, সেই কারণে নেতৃত্ব বিষয়টিকে আড়াল করার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগকারিণীকে আপাতত বিষয়টি আর না বাড়ানোর জন্য পরামর্শ দেওয়া হয়েছে বলে দাবি সংগঠনের একাংশের।

বাম শিবিরে যৌন হেনস্থার অভিযোগ এই প্রথম নয়। এর আগে দমদম-লেকটাউন এলাকার এক নেতার বিরুদ্ধে মহিলা নেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছিল। সাম্প্রতিক অতীতে প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী এবং যুব নেতা ইন্দ্রজিৎ ঘোষকেও একই ধরনের অভিযোগে দল থেকে বহিষ্কার করেছে সিপিএম। সেই তালিকায় এবার এসএফআইয়ের এই প্রভাবশালী নেতার নাম জড়ানোয় চরম অস্বস্তিতে পড়েছেন শীর্ষ নেতৃত্ব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *