ছাব্বিশের নির্বাচনে কমিশনের ‘স্মার্ট’ নজরদারি: গোলমাল রুখতে গাড়িতে বসছে ৩৬০ ডিগ্রি পিটিজেড ক্যামেরা

ছাব্বিশের নির্বাচনে কমিশনের ‘স্মার্ট’ নজরদারি: গোলমাল রুখতে গাড়িতে বসছে ৩৬০ ডিগ্রি পিটিজেড ক্যামেরা

ভোটের ময়দানে অশান্তি ও হামলা রুখতে এবার প্রযুক্তির ওপর বিশেষ আস্থা রাখছে নির্বাচন কমিশন। বিগত বছরগুলোতে নির্বাচনী গাড়ি ও চালকদের ওপর হামলার তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে প্রতিটি গাড়িতে সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে ক্যুইক রেসপন্স টিমের (QRT) গাড়ির মাথায় থাকবে অত্যাধুনিক ‘প্যান টিল্ট জুম’ বা পিটিজেড ক্যামেরা, যা জিপিএস প্রযুক্তির সাহায্যে সরাসরি কন্ট্রোল রুম থেকে নিয়ন্ত্রণ করা হবে।

এই পিটিজেড ক্যামেরা সাধারণ সিসিটিভির তুলনায় অনেক বেশি শক্তিশালী। এটি নিজের অক্ষের চারদিকে ঘুরতে (প্যান), ওপর-নীচে নড়াচড়া করতে (টিল্ট) এবং দূরের দৃশ্যকে নিখুঁতভাবে বড় (জুম) করে দেখাতে সক্ষম। গাড়ির ভেতর থাকা কন্ট্রোলারের পাশাপাশি নির্দিষ্ট মোবাইল অ্যাপের মাধ্যমেও দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা এই ক্যামেরার ফুটেজ দেখে রিয়েল-টাইম নজরদারি চালাতে পারবেন। এর ‘মাল্টি ভিউ’ ফিচারের মাধ্যমে একই দৃশ্য জেলা ও রাজ্যের বিভিন্ন দপ্তর থেকে দেখা যাবে।

কমিশন সূত্রে খবর, কোনো এলাকায় গোলমাল বা জমায়েত হলে এই প্রযুক্তির সাহায্যে দুষ্কৃতীদের মুখ শনাক্ত করা এবং ডিজিটাল প্রমাণ সংগ্রহ করা সহজ হবে। এমনকি জনতাকে ‘ম্যান টু ম্যান মার্কিং’ করার সক্ষমতাও রয়েছে এই ক্যামেরার। ছাব্বিশের নির্বাচনে বুথের বাইরের নিরাপত্তা নিশ্চিত করতে কমিশনের এই ‘চলন্ত সিসিটিভি’ ব্যবস্থা কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *