ছাব্বিশের বিধানসভা ভোটের আগে ভোটকর্মীদের বড়সড় সুখবর, একলাফে বাড়ছে সাম্মানিক ও ভাতা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটকর্মীদের জন্য বড় ঘোষণা করল নির্বাচন কমিশন। প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং অফিসার এবং কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট—সকল স্তরের কর্মীদের দৈনিক ও এককালীন ভাতার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রিসাইডিং অফিসাররা এখন থেকে দৈনিক ৩৫০ টাকার পরিবর্তে ৫০০ টাকা এবং পোলিং অফিসাররা ২৫০ টাকার বদলে ৪০০ টাকা করে পাবেন।
ভাতা বৃদ্ধির এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে মাইক্রো অবজার্ভার এবং চতুর্থ শ্রেণীর কর্মীদেরও। মাইক্রো অবজার্ভারদের এককালীন সাম্মানিক ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ টাকা করা হয়েছে। এছাড়া, ভিডিও সার্ভেল্যান্স ও কন্ট্রোল রুমের কর্মীদের ভাতা এবং নিরাপত্তা কর্মীদের খাদ্যভাতা ১৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর (CAPF) বিভিন্ন পদমর্যাদার অফিসার ও জওয়ানদের ক্ষেত্রেও ভাতার অঙ্ক বাড়ানো হয়েছে।
নির্বাচন কমিশনের এই পদক্ষেপে ডিউটিতে থাকা কয়েক লক্ষ কর্মী উপকৃত হবেন। সেক্টর অফিসারদের সাম্মানিক ৭,৫০০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১০,০০০ টাকায়। এমনকি ডেপুটি ডিইও-দের জন্য বিশেষ সাম্মানিকের ব্যবস্থা করা হয়েছে, যা আগে ছিল না। দীর্ঘ প্রতীক্ষার পর ভাতার এই বড়সড় রদবদল নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত কর্মীদের মনোবল বাড়াবে বলে মনে করা হচ্ছে।