ছাব্বিশের ভোটের মুখে বিজেপিতে কামদুনির টুম্পা কয়াল, ‘আদি’ বনাম ‘নব্য’ দ্বন্দ্বে অস্বস্তিতে গেরুয়া শিবির

ছাব্বিশের ভোটের মুখে বিজেপিতে কামদুনির টুম্পা কয়াল, ‘আদি’ বনাম ‘নব্য’ দ্বন্দ্বে অস্বস্তিতে গেরুয়া শিবির

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কামদুনির প্রতিবাদী মুখ টুম্পা কয়ালের বিজেপিতে যোগদানের ইচ্ছা প্রকাশ ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। শনিবার সল্টলেকের দলীয় দপ্তরে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করে তিনি জনসেবার স্বার্থে গেরুয়া পতাকাতলে আসার ইচ্ছা জানান। শমীক ভট্টাচার্য জানিয়েছেন, দলীয় প্রক্রিয়ার মাধ্যমেই এই যোগদানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আর জি করের নির্যাতিতার মায়ের পর টুম্পা কয়ালের মতো পরিচিত মুখদের দলে টানা নিয়ে বিজেপির অন্দরেই ক্ষোভের দানা বাঁধছে। সংগঠনের পুরনো ও নিষ্ঠাবান কর্মীদের ‘ব্রাত্য’ করে নবাগত বা বহিরাগতদের প্রার্থী করার প্রবণতা নিয়ে প্রশ্ন তুলেছেন আদি নেতারা। এর আগে কামদুনির মৌসুমী কয়ালকে নিয়েও জল্পনা তৈরি হলেও শেষ পর্যন্ত তাঁকে টিকিট না দেওয়ায় দলে অসন্তোষ তৈরি হয়েছিল।

বারবার পরিচিত মুখদের ওপর নির্ভরতা এবং দীর্ঘদিনের সংগঠকদের গুরুত্বহীন করে রাখা বঙ্গ বিজেপির নির্বাচনী সাফল্যে বাধা হয়ে দাঁড়াচ্ছে কি না, তা নিয়ে দলের অন্দরেই শুরু হয়েছে কাঁটাছেঁড়া। বিশেষ করে জলহাটি থেকে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ার সম্ভাবনা প্রবল হওয়ায় পুরনো কর্মীদের মনে বঞ্চনার ক্ষোভ বাড়ছে। ভোটের মুখে এই অভ্যন্তরীণ বিবাদ মেটানোই এখন শীর্ষ নেতৃত্বের কাছে বড় চ্যালেঞ্জ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *