জঙ্গি হুমকির মুখে পিএসএল: করাচি-লাহোরে কড়া নিরাপত্তায় কোণঠাসা পাকিস্তান ক্রিকেট

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরুর আগেই বড়সড় নিরাপত্তা সংকটের মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সশস্ত্র জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তানের জামাত-উল-আহরার শাখা বিদেশি ক্রিকেটারদের সরাসরি প্রাণনাশের হুমকি দিয়ে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি দিয়েছে। বর্তমানে দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি অত্যন্ত অস্থির ও ঝুঁকিপূর্ণ দাবি করে আয়োজকদের ভাবমূর্তিকে চ্যালেঞ্জ জানিয়েছে তারা।
এই পরিস্থিতিতে টুর্নামেন্ট আয়োজনে অনড় পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি প্রেসিডেন্ট-স্তরের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে পরিস্থিতির জটিলতায় উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে এবং ম্যাচগুলো দর্শকশূন্য স্টেডিয়ামে লাহোর ও করাচির ‘রেড জোনে’ সীমাবদ্ধ রাখা হয়েছে। সরকারিভাবে জ্বালানি সংকটের কথা বলা হলেও মূলত নিরাপত্তা নিশ্চিত করতেই ৪৪টি ম্যাচ নির্দিষ্ট গণ্ডির মধ্যে গুটিয়ে আনা হয়েছে।
চরম উৎকণ্ঠার মধ্যেও অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথের মতো তারকারা পাকিস্তানে পৌঁছালেও অনেক বিদেশি ক্রিকেটার টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন। একদিকে আইপিএলের আকর্ষণ, অন্যদিকে সরাসরি জঙ্গি হুমকি—সব মিলিয়ে খেলোয়াড়দের মধ্যে তীব্র মানসিক চাপ তৈরি হয়েছে। মাঠের লড়াই ছাপিয়ে এখন বিশ্ব ক্রিকেটের নজর পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থার কঠিন পরীক্ষার দিকে।