জমির লোভে ভাইয়ের ওপর অ্যাসিড হামলা ও ধারালো অস্ত্রের কোপ

বারুইপুরে জমি বিবাদের জেরে তুঙ্গে উঠল পারিবারিক অশান্তি। শনিবার রাতে টোটন খান নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং অ্যাসিড ছুড়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল তাঁরই দাদা মমতাজ খান ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় টোটন বর্তমানে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর অভিযুক্ত দাদা ও বউদি-সহ ছয়জনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, দীর্ঘকাল ধরেই দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিবাদ চলছিল। শনিবার ইদের সকালে অশান্তি চরম রূপ নেয়। অভিযোগ, রাতে মমতাজ খান ও তাঁর স্ত্রী বেবী খানের প্ররোচনায় ছয় জন মিলে অতর্কিতে টোটনের ওপর হামলা চালায়। ঘটনার পর গ্রামবাসীরা অভিযুক্তদের ঘেরাও করলে উত্তেজনা ছড়ায়। পুলিশ গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তদের থানায় নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।