জয়পুরে পশ্চিমী আঞ্চলিক কৃষি সম্মেলন উদ্বোধন করবেন শিবরাজ সিং চৌহান

রাজস্থানে আয়োজিত হতে চলেছে পশ্চিমী রাজ্যগুলির আঞ্চলিক কৃষি সম্মেলন। আগামীকাল মঙ্গলবার জয়পুরে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে এই মেগা ইভেন্টের আয়োজন করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। দেশের কৃষি ক্ষেত্রে সামগ্রিক উন্নয়ন, স্বনির্ভরতা এবং আধুনিক প্রযুক্তির অন্তর্ভুক্তিকরণই এই সম্মেলনের প্রধান লক্ষ্য।
কৃষি মন্ত্রক সূত্রের খবর, এই সম্মেলন মূলত কেন্দ্রীয় প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা এবং আগামী দিনের কৌশল নির্ধারণের একটি কার্যকর মঞ্চ হিসেবে কাজ করবে। জয়পুরের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। সম্মেলনে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাট এবং গোয়ার প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। ডাল ও তৈলবীজ উৎপাদনে বিশেষ অবদান রাখা এই রাজ্যগুলির কৃষিজ জলবায়ু ও উদ্ভাবনী পদ্ধতি নিয়ে এখানে বিস্তারিত আলোচনা হবে।
সম্মেলনের বিভিন্ন অধিবেশনে জাতীয় স্তরের প্রধান মিশনগুলি নিয়ে পর্যালোচনা করা হবে। বিশেষ নজর দেওয়া হচ্ছে ‘জাতীয় ভোজ্য তেল মিশন-তৈলবীজ’ প্রকল্পের ওপর। ২০৩০-৩১ সালের মধ্যে দেশে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমিয়ে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ডাল শস্যে স্বনির্ভরতা অর্জনে অড়হর, বিউলি ও মুসুর ডালের বীজ উন্নয়ন এবং বিপণন ব্যবস্থার ওপর জোর দেওয়া হবে।
পরিবেশবান্ধব কৃষিকাজকে উৎসাহ দিতে সম্মেলনে ‘জাতীয় প্রাকৃতিক চাষ মিশন’ নিয়ে আলোচনা করা হবে। রাসায়নিক মুক্ত চাষাবাদ এবং কৃষকদের জৈব ইনপুট ব্যবহারে উৎসাহিত করতে ক্লাস্টার ভিত্তিক পদ্ধতির ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। এছাড়াও ‘ডিজিটাল কৃষি মিশন’-এর আওতায় এগ্রি-স্ট্যাক, ডিজিটাল কিষাণ ডাটাবেস এবং এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে বিশেষজ্ঞরা মতবিনিময় করবেন।
সম্মেলনে রাজ্যগুলির সেরা কৃষি পদ্ধতিগুলি উপস্থাপিত হবে। এর মধ্যে রাজস্থানের মাইক্রো-ইরিগেশন মডেল, গুজরাটের উদ্যানপালন উদ্ভাবন এবং মধ্যপ্রদেশের সার বিতরণ ব্যবস্থা উল্লেখযোগ্য। একইসঙ্গে নকল কীটনাশক নিয়ন্ত্রণ, সারের কালোবাজারি রুখতে এবং বিকল্প সারের প্রচার নিয়েও সম্মেলনে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।