জরায়ুর সমস্যায় পেট চিরেও ফের সেলাই! বিপাকে বনগাঁর গৃহবধূ, তুঙ্গে উত্তেজনা

বনগাঁর একটি বেসরকারি নার্সিংহোমে জরায়ুর সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন গোপালনগরের বাসিন্দা জয়শ্রী অধিকারী। চিকিৎসক তমিশা জলগ্রাহী তাকে অপারেশন করার পরামর্শ দেন। কিন্তু অভিযোগ, অপারেশন টেবিলে পেট কাটার পর চিকিৎসক জানান জরায়ু নাড়ির সঙ্গে জড়িয়ে থাকায় তিনি এই অপারেশন করতে পারবেন না। এরপর তড়িঘড়ি পেট সেলাই করে দেওয়া হয়। রোগীর পরিবারের দাবি, সমস্ত পরীক্ষার রিপোর্ট আগে দেখা সত্ত্বেও কেন মাঝপথে অপারেশন থামানো হলো? এমনকি স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও তাদের থেকে ৩০ হাজার টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন জয়শ্রী দেবী। এই ঘটনায় বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। অন্যদিকে চিকিৎসক তমিশা জলগ্রাহীর দাবি, অপারেশনের সময় দেখা যায় জরায়ু ও মূত্রথলি জটিলভাবে পেঁচিয়ে আছে, তাই রোগীর জীবনের ঝুঁকি না নিয়ে অপারেশন স্থগিত রাখা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।