জলাজমি বুজিয়ে বেআইনি বাড়ি নির্মাণের অভিযোগ এবার থানায় তলব করা হলো আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীরের স্ত্রীকে

জলাজমি বুজিয়ে বেআইনি বাড়ি নির্মাণের অভিযোগ এবার থানায় তলব করা হলো আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীরের স্ত্রীকে

তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীরের বিড়ম্বনা আরও বাড়ল। জলাজমি বুজিয়ে বেআইনিভাবে বাড়ি তৈরির অভিযোগে এবার তাঁর স্ত্রী মিতা সুলতানাকে থানায় তলব করল পুলিশ। বুধবার বেলা ১২টা নাগাদ তাঁকে শক্তিপুর থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মুর্শিদাবাদের মানিক্যহার গ্রামে হুমায়ুন কবীরের যে বাড়িটি নিয়ে বিতর্কের সূত্রপাত, সেটি তাঁর স্ত্রী মিতা সুলতানার নামে নথিভুক্ত। অভিযোগ উঠেছে, জমির চরিত্র পরিবর্তন না করেই নালার ওপর ওই বাড়িটি নির্মাণ করা হয়েছে। এই বিষয়ে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর আগেই তাঁকে নোটিস পাঠিয়েছিল। মানিক্যহার মৌজার ৪৪০৪ নম্বর প্লটের প্রায় ০.২ একর জমির চরিত্র বেআইনিভাবে বদলানোর অভিযোগে স্থানীয় বাসিন্দারা একটি গণস্বাক্ষর সম্বলিত অভিযোগপত্র জমা দিয়েছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তোষজনক উত্তর না মিললে ১৯৫৫ সালের ডব্লিউবিএলআর আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আইনত জল নিষ্কাশনের নালা বা ডোবা ভরাট করা দণ্ডনীয় অপরাধ। সরকারি অনুমতি ছাড়া এ ধরনের জমির চরিত্র বদল করা যায় না। যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন হুমায়ুন কবীর। তাঁর দাবি, গত ১৭-১৮ বছর ধরে তাঁরা ওই বাড়িতেই বসবাস করছেন। বাম জমানায় জমির চরিত্র পরিবর্তনের জন্য তিনি একাধিকবার সরকারি দপ্তরে আবেদন জানালেও কোনো কাজ হয়নি। তাঁর অভিযোগ, তৃণমূল ছেড়ে নতুন দল গড়ায় রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই এখন তাঁর স্ত্রীকে থানায় ডেকে হয়রানি করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *