জাতীয় স্বার্থই অগ্রাধিকার: তিনটি ইরানি জাহাজকে আশ্রয়ের অনুমতি ভারতের

জাতীয় স্বার্থই অগ্রাধিকার: তিনটি ইরানি জাহাজকে আশ্রয়ের অনুমতি ভারতের

সোমবার রাজ্যসভায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, গত ১ মার্চ ভারতের পক্ষ থেকে তিনটি ইরানি জাহাজকে ভারতীয় বন্দরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে একটি জাহাজ বর্তমানে কেরলের কোচি বন্দরে অবস্থান করছে। পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে মানবিক ও কৌশলগত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। ইরানি বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি এই সহায়তার জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছেন।

পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিদেশমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে এই সংকটের ওপর নজর রাখছেন। সেখানে আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের ফিরিয়ে আনা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক তেলের বাজার ও জ্বালানি নিরাপত্তা নিয়েও ভারত সতর্ক রয়েছে এবং যেকোনো সিদ্ধান্তে জাতীয় স্বার্থকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে।

তবে জয়শঙ্করের এই বিবৃতির সময় কংগ্রেসসহ বিরোধী দলগুলো আলোচনার দাবিতে সরব হয়। বিরোধীদের হইহট্টগোলের জেরে লোকসভার অধিবেশন বিকেল ৩টে পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়। তা সত্ত্বেও জয়শঙ্কর স্পষ্ট করেন যে, ভারত শান্তি ও কূটনীতির পক্ষে এবং বৈশ্বিক অস্থিরতার মাঝেও দেশের অর্থনীতির সুরক্ষা নিশ্চিত করতে সরকার দায়বদ্ধ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *