জাল নথিতে ভারতীয় পাসপোর্ট বানিয়ে রাশিয়ায় পাড়ি, কলকাতা বিমানবন্দরে ধৃত বাংলাদেশি যুবক

জাল ভারতীয় নথির সাহায্যে পাসপোর্ট তৈরি করে রাশিয়ায় পালিয়ে যাওয়া এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করল অভিবাসন দপ্তর। ধৃতের নাম দীপক মাহাত ওরফে দুল্লু মাহাত, যিনি বাংলাদেশের আওয়ামি লিগের সদস্য বলে জানা গিয়েছে। প্রায় আড়াই বছর বিদেশে থাকার পর রবিবার কলকাতা বিমানবন্দরে নামতেই লুক আউট নোটিসের ভিত্তিতে তাঁকে আটক করা হয়। পরে লালবাজারের গোয়েন্দারা তাঁকে নিজেদের হেফাজতে নেন।
তদন্তে জানা গিয়েছে, বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর অভিযুক্ত ব্যক্তি সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করেন। এরপর বনগাঁর এক দালালের মাধ্যমে মাত্র ৩০ হাজার টাকার বিনিময়ে আধার, প্যান ও ভোটার কার্ডের মতো জাল ভারতীয় নথি সংগ্রহ করেন। সেইসব নথির ভিত্তিতেই তিনি ভারতীয় পাসপোর্ট তৈরি করে প্রথমে শ্রীলঙ্কা এবং পরবর্তীতে রাশিয়ার একটি মাছ প্যাকেজিং কো ম্পা নিতে কাজে যোগ দিয়েছিলেন।
পাসপোর্ট দপ্তর ইতিপূর্বেই ১৩০টির বেশি এই ধরনের জাল পাসপোর্ট চিহ্নিত করে পুলিশকে তালিকা পাঠিয়েছিল। ভিসার মেয়াদ শেষ হওয়ায় অভিযুক্ত কলকাতায় ফিরলে অভিবাসন দপ্তরের জালে ধরা পড়েন। সোমবার তাঁকে আলিপুরের বিশেষ আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এই চক্রের সঙ্গে যুক্ত অন্যান্য দালালদের সন্ধানে বর্তমানে তল্লাশি চালাচ্ছে লালবাজারের তদন্তকারী দল।