জেফ্রি এপস্টিন বিতর্ক: রুশ মহিলাদের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে ক্ষমাপ্রার্থী বিল গেটস

যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে অতীত যোগাযোগ ও রুশ মহিলাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের তথ্য প্রকাশ্যে আসায় দুঃখপ্রকাশ করেছেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস। সম্প্রতি গেটস ফাউন্ডেশনের এক অভ্যন্তরীণ বৈঠকে তিনি নিজের আচরণের দায় স্বীকার করেন। এপস্টিনের সঙ্গে সময় কাটানো এবং প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সেই প্রক্রিয়ায় যুক্ত করাকে তিনি একটি ‘বিরাট ভুল’ হিসেবে অভিহিত করেছেন।
বিল গেটস স্পষ্ট জানিয়েছেন, প্রকাশিত সম্পর্কের সঙ্গে এপস্টিনের কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা ভুক্তভোগীদের কোনো যোগসূত্র ছিল না। তিনি কোনো অবৈধ কাজ করেননি বা দেখেননি বলেও দাবি করেন। তবে এই বিতর্কের জেরে ভারতের ‘এআই ইমপ্যাক্ট সামিট’-এ তাঁর পূর্বনির্ধারিত অংশগ্রহণ বাতিল করা হয়েছে। সুন্দর পিচাই ও স্যাম অল্টম্যানদের উপস্থিতিতে এই সম্মেলনে গেটসের বক্তব্য রাখার কথা ছিল।
বিতর্কিত নথিতে গেটস ও এপস্টিনের একাধিক সাক্ষাৎ ও ছবির তথ্য সামনে আসার পর প্রযুক্তি বিশ্বে চাঞ্চল্য তৈরি হয়েছে। গেটস ফাউন্ডেশন জানিয়েছে, এপস্টিনকে কোনো অর্থ প্রদান বা নিয়োগ দেওয়া হয়নি। ব্যক্তিগত সিদ্ধান্ত ও প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতার প্রশ্নে এই ঘটনা গেটসের ভাবমূর্তিকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বর্তমানে গেটস তাঁর ভুলের জন্য কর্মীদের কাছে ক্ষমা চেয়ে পরিস্থিতির গুরুত্ব তুলে ধরেছেন।