জেরুজালেমের পবিত্র চার্চে ঢুকতে বাধা খোদ ধর্মগুরুকে! বিতর্ক তুঙ্গে উঠতেই সুর নরম করলেন নেতানিয়াহু

মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার আবহে এবার জেরুজালেমের ‘চर्च অফ দ্য হোলি সেপ্লাকার’-এ বেনজির ঘটনার সাক্ষী থাকল বিশ্ব। পাম সানডে-র পবিত্র লগ্নে লাতিন প্যাট্রিয়ার্ক কার্ডিনাল পিয়েরবাতিস্তা পিজাবাল্লাসহ শীর্ষ ক্যাথলিক ধর্মগুরুদের গির্জায় প্রবেশে বাধা দিল ইজরায়েলি পুলিশ। শতাব্দীর ইতিহাসে এই প্রথম কোনো ধর্মীয় প্রধানকে যিশু খ্রিস্টের স্মৃতিবিজড়িত এই পবিত্র স্থানে প্রার্থনা করতে বাধা দেওয়া হলো বলে দাবি চার্চ কর্তৃপক্ষের।
এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দার ঝড় ওঠে। খোদ মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এই পদক্ষেপের সমালোচনা করেন। পরিস্থিতি জটিল বুঝে আসরে নামেন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি জানান, ইরানের ক্রমাগত মিসাইল হামলার হুমকির কথা মাথায় রেখে নিরাপত্তার খাতিরেই এই কড়াকড়ি করা হয়েছিল। তবে বিতর্ক বাড়তেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে নেতানিয়াহু স্পষ্ট জানান, তিনি অবিলম্বে কার্ডিনাল পিজাবাল্লাকে পূর্ণ সম্মানের সাথে চার্চে প্রবেশের অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছেন। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে নিজের ইচ্ছেমতো প্রার্থনা সভা পরিচালনা করার অনুমতি পান ধর্মগুরুরা।