জেরুজালেমের পবিত্র স্থানে হামলা থেকে পরমাণু কেন্দ্র ধ্বংসের হুঁশিয়ারি, ইরানকে চরম বার্তা দিলেন নেতানিয়াহু

জেরুজালেমের পবিত্র স্থানে হামলা থেকে পরমাণু কেন্দ্র ধ্বংসের হুঁশিয়ারি, ইরানকে চরম বার্তা দিলেন নেতানিয়াহু

গত ৪৮ ঘণ্টায় ইরানের প্রতিটি পদক্ষেপ প্রমাণ করে দিয়েছে যে তারা গোটা বিশ্বের জন্য এক মস্ত বড় বিপদ। ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সাফ জানিয়েছেন, ইরান এখন কেবল ইজরায়েলের শত্রু নয়, বরং গোটা সভ্য সমাজের জন্য এক মূর্তিমান আতঙ্ক। সাধারণ নাগরিক থেকে শুরু করে জেরুজালেমের পবিত্র ধর্মীয় স্থানগুলোকেও নিশানা করতে পিছপা হচ্ছে না তেহরান।

নেতানিয়াহুর দাবি, ইরান পরিকল্পিতভাবে পশ্চিমী দেওয়াল, চার্চ অফ দ্য হোলি সেপুলকর এবং আল-আকসা মসজিদের মতো পবিত্র স্থানগুলোর ওপর হামলা চালিয়েছে। সৌভাগ্যবশত কোনো প্রাণহানি না ঘটলেও তাদের উদ্দেশ্য ছিল স্পষ্টত গণহত্যা। শুধু তাই নয়, ৪০০০ কিলোমিটার দূরে ডিয়েগো গার্সিয়াতে ব্যালিস্টিক মিসাইল ছুড়ে ইরান বুঝিয়ে দিয়েছে যে এখন ইউরোপের গভীর অংশও তাদের নিশানায়। আন্তর্জাতিক সমুদ্রপথ আটকে গোটা বিশ্বকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে এই ‘স্বৈরাচারী’ শাসন।

এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুরেই সুর মিলিয়ে নেতানিয়াহু আবেদন জানিয়েছেন যাতে বিশ্বের অন্য দেশগুলোও এবার ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়। ইজরায়েলি প্রধানমন্ত্রীর হুঙ্কার, তারা কেবল সাধারণ মানুষের ওপর নয়, বরং সরাসরি ইরানি শাসকগোষ্ঠী ও আইআরজিসি-র ওপর আঘাত হানছে। তাদের লক্ষ্য অত্যন্ত পরিষ্কার— ইরানের পরমাণু ও মিসাইল কর্মসূচিকে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া এবং দেশটিতে এমন পরিস্থিতি তৈরি করা যাতে সাধারণ মানুষই এই অত্যাচারী শাসনকে উৎখাত করতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *