জেলফেরত ও দুর্নীতিতে অভিযুক্তরাই তৃণমূলের বাজি! একঝাঁক ‘দাগি’ প্রার্থীর নাম আসতেই বিস্ফোরক বিজেপি

জেলফেরত ও দুর্নীতিতে অভিযুক্তরাই তৃণমূলের বাজি! একঝাঁক ‘দাগি’ প্রার্থীর নাম আসতেই বিস্ফোরক বিজেপি

নিজস্ব সংবাদাতা, কলকাতা

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা হতেই বঙ্গ রাজনীতিতে তোলপাড়। শিক্ষা দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় বা মানিক ভট্টাচার্যদের এবার টিকিট না দিলেও, তৃণমূলের তালিকায় এমন অনেক নাম রয়েছে যারা অতীতে দুর্নীতির দায়ে জেল খেটেছেন অথবা কেন্দ্রীয় সংস্থার স্ক্যানারে রয়েছেন। এই ইস্যুকে হাতিয়ার করেই এবার শাসকদলকে তীব্র আক্রমণে শান দিল বিজেপি।

তালিকায় কারা আছেন?

বিজেপির প্রকাশিত তালিকায় বিদ্ধ করা হয়েছে হাবড়ার প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিককে। রেশন দুর্নীতি মামলায় জেল খেটে জামিনে মুক্ত হয়েই ফের নির্বাচনী ময়দানে নেমেছেন ‘বালুদা’। বাদ যাননি কামারহাটির মদন মিত্রও, যিনি সারদা ও নারদা কাণ্ডে জেল খেটেছিলেন। এছাড়াও বেলেঘাটায় প্রার্থী করা হয়েছে প্রাক্তন জেলবন্দি নেতা কুণাল ঘোষকে।

কেন্দ্রীয় সংস্থার নজরে থাকা প্রার্থীরা:

  • ফিরহাদ হাকিম: নারদা কাণ্ডে গ্রেফতার হওয়া এই হেভিওয়েট নেতা এবারও কলকাতা বন্দরের প্রার্থী।
  • মলয় ঘটক: কয়লা পাচার মামলায় সিবিআই তল্লাশির মুখে পড়া মলয়বাবু ফের টিকিট পেয়েছেন আসানসোলে।
  • সুজিত বোস ও রথীন ঘোষ: পুরসভা নিয়োগ দুর্নীতি ও খাদ্য কেলেঙ্কারিতে যাঁদের বাড়িতে ইডি তল্লাশি চালিয়েছিল, তাঁরাও যথাক্রমে বিধাননগর ও মধ্যমগ্রাম থেকে লড়াই করছেন।
  • চন্দ্রনাথ সিনহা: ইডির তলব পাওয়া এই নেতাকেও ফের প্রার্থী করেছে ঘাসফুল শিবির।

বিজেপির অভিযোগ, যারা বাংলার সম্পদ লুঠ করে শ্রীঘর ঘুরে এসেছেন, তাঁদেরই ফের মানুষের প্রতিনিধি করতে চাইছে শাসকদল। প্রার্থী তালিকায় স্বচ্ছতার অভাব নিয়ে ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে সরব হয়েছে গেরুয়া শিবির। দুর্নীতির এই পাহাড়প্রমাণ অভিযোগ নিয়ে ভোটের লড়াইয়ে জনতা কী রায় দেয়, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *