জেল হেফাজতে মাওবাদী তাত্ত্বিক নেতা প্রশান্ত বসুর জীবনাবসান

জেল হেফাজতে মাওবাদী তাত্ত্বিক নেতা প্রশান্ত বসুর জীবনাবসান

দীর্ঘ চার দশকের মাওবাদী আন্দোলনের অন্যতম প্রধান স্তম্ভ তথা বর্ষীয়ান নেতা প্রশান্ত বসু ওরফে কিষাণ দা চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। ঝাড়খণ্ডের সরাইকেলা জেলে বন্দি থাকা অবস্থায় শুক্রবার ভোরে তাঁর তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। জেল কর্তৃপক্ষ তাঁকে দ্রুত রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে (রিমস) ভর্তি করলে সকাল ১০টা নাগাদ চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছরেরও বেশি।

নিষিদ্ধ সংগঠনের দ্বিতীয় শীর্ষ নেতা হিসেবে পরিচিত এই বাঙালি মাওবাদী কেন্দ্রীয় কমিটি ও পলিটব্যুরোর গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ‘মনীশ’ বা ‘বুদ্ধ’ ছদ্মনামে পরিচিত প্রশান্ত বসু সাতটি রাজ্যে নাশকতামূলক কর্মকাণ্ড ও তাত্ত্বিক কাঠামো পরিচালনার মূল কারিগর ছিলেন। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, অন্তত ২০০টি ঘটনার সঙ্গে তাঁর সরাসরি যোগ ছিল এবং তাঁর মাথার ওপর ১ কোটি টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

২০২১ সালে স্ত্রীকেসহ গ্রেফতার হওয়া এই হাই-প্রোফাইল নেতার প্রয়াণে মাওবাদী শিবিরে এক বড়সড় শূন্যতা তৈরি হয়েছে। তাঁর মৃত্যুর গুরুত্ব ও স্পর্শকাতরতা বিচার করে একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। প্রশাসনের কড়া নজরদারিতে ময়নাতদন্তসহ সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। কিষাণ দার মৃত্যুতে ভারতীয় বাম চরমপন্থী আন্দোলনের একটি দীর্ঘ ও বিতর্কিত রাজনৈতিক অধ্যায়ের অবসান ঘটল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *