জেসিবির মাটি কাটাও দেখতে এর চেয়ে বেশি ভিড় হবে অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেকের

বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নজিরবিহীন ভাষায় আক্রমণ শাণালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে এক পাল্টা জনসভা থেকে তিনি দাবি করেন, বিজেপির কর্মসূচিতে যে পরিমাণ ভিড় হচ্ছে, তার চেয়ে রাস্তাঘাটে জেসিবি দিয়ে মাটি কাটা দেখতেও বেশি মানুষ ভিড় জমায়।
গত রবিবার মথুরাপুরের ওই সভা থেকে অভিষেক মূলত শাহের তোলা একাধিক অভিযোগের পাল্টা জবাব দেন। রাজ্যে ঋণের বোঝা নিয়ে অমিত শাহের করা মন্তব্যের প্রেক্ষিতে অভিষেক পাল্টা পরিসংখ্যান তুলে ধরেন। তাঁর দাবি, ২০১৪ সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে দেশের ঋণ ছিল ৫৬ লক্ষ কোটি টাকা, যা বর্তমানে দাঁড়িয়েছে ১৯৭ লক্ষ কোটি টাকায়। অভিষেকের হিসেব অনুযায়ী, বর্তমানে দেশে কোনো শিশু জন্মালে তার মাথায় ১ লক্ষ ৪৪ হাজার টাকার ঋণের বোঝা চাপছে। এই পরিসংখ্যান ভুল প্রমাণিত হলে তিনি আইনি চ্যালেঞ্জ গ্রহণ করতেও প্রস্তুত বলে জানান।
নারী নিরাপত্তা নিয়ে শাহের সমালোচনার জবাবে অভিষেক কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ এনসিআরবি-র রিপোর্টকে হাতিয়ার করেন। তিনি তথ্য দিয়ে দেখান যে, মহিলাদের ওপর নির্যাতনের তালিকায় উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও রাজস্থান দেশের প্রথম সারিতে রয়েছে, যেগুলি বিজেপি শাসিত রাজ্য।
বাংলার উন্নয়ন প্রসঙ্গে অভিষেক চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে কাজ করেছে, বিজেপির ‘ডবল ইঞ্জিন’ সরকার তার সিকিভাগও করতে পারেনি। অমিত শাহকে সরাসরি বিতর্কের আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনি জায়গা ও সময় ঠিক করুন, পরিসংখ্যান দিয়ে আপনাকে ১০-০ গোলে মাঠছাড়া করে দেব।” নিজের দাবি প্রমাণ করতে না পারলে মথুরাপুরের মানুষের সামনে ক্ষমা চাওয়ার হুঁশিয়ারিও দেন তৃণমূল সাংসদ।