জ্ঞানেশ কুমারকে পদচ্যুত করার নোটিস খারিজ তুঙ্গে সরকার-বিরোধী সংঘাত

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদচ্যুত করার দাবিতে বিরোধীদের দেওয়া নোটিস সোমবার খারিজ করে দিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণান। গত ১২ মার্চ রাজ্যসভা ও লোকসভা সচিবালয়ে জমা দেওয়া এই নোটিসে তৃণমূল, সমাজবাদী পার্টি ও ডিএমকে-সহ বিরোধী শিবিরের প্রায় ১৯৩ জন সাংসদ স্বাক্ষর করেছিলেন। তবে রাহুল গান্ধী বা সোনিয়া গান্ধীর মতো শীর্ষ কংগ্রেস নেতারা এই তালিকায় ছিলেন না।
নোটিস বাতিলের নির্দিষ্ট কোনো কারণ দর্শানো না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিরোধী দলগুলো। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে সরকারের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে অন্যায্যভাবে সুরক্ষার দেওয়ার অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, এই পদক্ষেপের ফলে সরকারের সঙ্গে কমিশনের গোপন আঁতাতের বিষয়টি আবারও প্রকাশ্যে চলে এল।
বিরোধীদের আনা ১০ পাতার এই অভিযোগপত্রে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একাধিক গুরুতর অনিয়মের কথা উল্লেখ করা হয়েছিল। দীর্ঘ টালবাহানার পর সংসদের দুই কক্ষের শীর্ষাধিকারী এই নোটিস খারিজ করে দেওয়ায় জ্ঞানেশ কুমারকে পদচ্যুত করার আইনি প্রক্রিয়া আপাতত থমকে গেল। এই ঘটনাকে কেন্দ্র করে সংসদীয় রাজনীতিতে শাসক ও বিরোধী পক্ষের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।