জ্বলানি সংকটে পাশে ভারত পাইপলাইনে আসছে হাজার হাজার টন ডিজেল

জ্বলানি সংকটে পাশে ভারত পাইপলাইনে আসছে হাজার হাজার টন ডিজেল

মধ্যপ্রাচ্যে ঘনীভূত যুদ্ধের মেঘ আর বিশ্বজুড়ে তেলের বাজারে অস্থিরতার মাঝেই বাংলাদেশের জন্য স্বস্তির খবর নিয়ে এল প্রতিবেশী ভারত। দেশের তীব্র জ্বালানি সংকট মোকাবিলায় বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ৫,০০০ টন ডিজেল পাঠাল নয়াদিল্লি। মঙ্গলবার থেকেই আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে এই জ্বালানি বাংলাদেশে আসা শুরু হয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মুহাম্মদ রেজানুর রহমান নিশ্চিত করেছেন যে, মঙ্গলবার থেকে শুরু হওয়া এই সরবরাহ বুধবার সন্ধ্যার মধ্যেই দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পৌঁছে যাবে। প্রতি ঘণ্টায় প্রায় ১১৩ টন হারে ডিজেল পাম্প করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণে দেশে যখন পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন এবং জ্বালানি বিক্রিতে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে, ঠিক সেই মুহূর্তে ভারতের এই পদক্ষেপ বিদ্যুৎ উৎপাদন ও পরিবহন ব্যবস্থায় স্বস্তি ফেরাবে বলে আশা করা হচ্ছে।

দুই দেশের বার্ষিক চুক্তি অনুযায়ী ভারত প্রতি বছর ১,৮০,০০০ টন ডিজেল সরবরাহ করবে। বিপিসি সূত্রে জানা গেছে, আগামী ছয় মাসের লক্ষ্যমাত্রা অনুযায়ী ৯০,০০০ টন ডিজেল আমদানির প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে। রাজনৈতিক পটপরিবর্তনের পর দুই দেশের জ্বালানি ও বিদ্যুৎ সংক্রান্ত কিছু চুক্তিতে সাময়িক স্থবিরতা দেখা দিলেও, বর্তমান সরকারের অধীনে এই ডিজেল সরবরাহ দুই দেশের বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক পুনরায় স্বাভাবিক হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে যুদ্ধের উত্তেজনায় যখন মধ্যপ্রাচ্য থেকে তেল আমদানিতে বিঘ্ন ঘটছে, তখন ভারতের এই পাইপলাইন বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার জন্য এক শক্তিশালী রক্ষাকবচ হয়ে দাঁড়িয়েছে। রেল ট্যাঙ্কারের তুলনায় এই পদ্ধতিতে সময় ও খরচ দুই-ই অনেক কম। বকেয়া পরিশোধ ও বিদ্যুৎ সরবরাহ নিয়ে সাম্প্রতিক টানাপোড়েন কাটিয়ে ভারত ও বাংলাদেশের এই জ্বালানি সহযোগিতা দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *