জ্বালানির জ্বালায় পুড়ছে পাকিস্তান লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের দামে রেকর্ড উল্লম্ফন

জ্বালানির জ্বালায় পুড়ছে পাকিস্তান লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের দামে রেকর্ড উল্লম্ফন

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের আকাশচুম্বী দামের সরাসরি প্রভাব পড়ল পাকিস্তানের সাধারণ মানুষের পকেটে। শাহবাজ শরিফ সরকার এক মাসের ব্যবধানে দ্বিতীয়বার জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে দেশে দাম বাড়ানো ছাড়া আর কোনো বিকল্প পথ খোলা ছিল না।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পাকিস্তানে ডিজেলের দাম ৫৪.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি লিটার ৫২০.৩৫ পাকিস্তানি রুপিতে দাঁড়িয়েছে। একইভাবে পেট্রোলের দাম ৪২.৭ শতাংশ বাড়িয়ে লিটার প্রতি ৪৫৮.৪০ পাকিস্তানি রুপি নির্ধারণ করা হয়েছে। পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক জানিয়েছেন, আমেরিকা ও ইরানের সংঘাতের প্রভাবে তেলের সরবরাহ ব্যবস্থা ও বাজারদর সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

আমদানিকৃত জ্বালানির ওপর অতি-নির্ভরশীল পাকিস্তানে এই নজিরবিহীন মূল্যবৃদ্ধি মুদ্রাস্ফীতিকে আরও ভয়াবহ করে তুলবে। মূলত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানিকৃত তেল হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়, যা বর্তমানে সংঘাতের কেন্দ্রে রয়েছে। চরম অর্থনৈতিক সংকটের মধ্যে তেলের এই অস্বাভাবিক দাম সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *