জ্বালানির দামে বড় ধাক্কা: লিটার প্রতি ৫ টাকা পর্যন্ত দাম বাড়াল নায়ারা এনার্জি

পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনা ও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধির জেরে দেশে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানোর ঘোষণা করল বেসরকারি জ্বালানি সংস্থা ‘নায়ারা এনার্জি’। বিশ্ববাজারে ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ১১৯ ডলার ছাড়িয়ে যাওয়ায় আমদানি খরচ সামাল দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ থেকেই কার্যকর হচ্ছে বর্ধিত এই নতুন দর।

সংস্থার ঘোষণা অনুযায়ী, গ্রাহকদের এখন থেকে প্রতি লিটার পেট্রোলের জন্য ৫ টাকা এবং ডিজেলের জন্য ৩ টাকা অতিরিক্ত গুণতে হবে। অনেক রাজ্যে ভ্যাট যুক্ত হওয়ার ফলে এই বৃদ্ধির পরিমাণ সাড়ে ৫ টাকা পর্যন্ত হতে পারে। দেশের বৃহত্তম বেসরকারি জ্বালানি বিক্রেতা হিসেবে পরিচিত নায়ারা এনার্জি বর্তমানে দেশজুড়ে প্রায় ৬,৯৬৭টি পেট্রোল পাম্প পরিচালনা করছে।

উল্লেখ্য, সরকারি তেল সংস্থাগুলি বর্তমানে দাম নিয়ন্ত্রণে রাখলেও বেসরকারি রিটেইলাররা আমদানিতে কোনো সরকারি ভরতুকি বা বাফার সুবিধা পায় না। এর আগে গত ২০ মার্চ এইচপিসিএল এবং আইওসি-র মতো রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি শুধুমাত্র প্রিমিয়াম পেট্রোলের দাম বাড়িয়েছিল। তবে নায়ারা এনার্জির এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানের পেট্রোল ও ডিজেলের দামও এক লাফে অনেকটাই বেড়ে গেল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *