জ্বালানি তেলের দামে আপাতত স্বস্তি, বড় ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রকের

মধ্যপ্রাচ্যের যুদ্ধকালীন পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যে অস্থিরতা তৈরি হলেও ভারতে পেট্রল ও ডিজেলের দাম বাড়ছে না। মঙ্গলবার এক আন্তঃমন্ত্রক বৈঠকের পর পেট্রোলিয়াম মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা স্পষ্ট জানিয়েছেন, এই মুহূর্তে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। বিশ্ববাজারের চাপের মুখে সাধারণ গ্রাহকদের স্বস্তি দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
ইরান-ইজরায়েল সংঘাতের জেরে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহণে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। এর প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে টান পড়ার আশঙ্কা তৈরি হলেও ভারতের তেল বিপণন সংস্থাগুলি আপাতত লোকসান সয়ে দাম স্থিতিশীল রাখার পথে হাঁটছে। তবে রান্নার গ্যাসের জোগান ও ক্রমবর্ধমান মূল্য নিয়ে মন্ত্রক উদ্বেগ প্রকাশ করেছে। এলপিজি-র বিকল্প হিসেবে ইন্ডাকশন ব্যবহারের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকরা।
বর্তমানে বাণিজ্যিক ও গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ওপর চাপ বেড়েছে। যদিও উজ্জ্বলা যোজনার গ্রাহকরা ৩০০ টাকা ভর্তুকি পাচ্ছেন, তবুও মধ্যপ্রাচ্যের সংকটে গ্যাস সরবরাহের ঘাটতি মেটানোই এখন বড় চ্যালেঞ্জ। সরকার পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি বিকল্প জলপথে সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে। আপাতত পেট্রল-ডিজেলের দাম অপরিবর্তিত থাকায় বড়সড় স্বস্তি পেলেন দেশবাসী।