জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে কেন্দ্রের বড় পদক্ষেপ, এলপিজি নির্ভরতা কমিয়ে পিএনজিতে জোর

বিশ্বজুড়ে জ্বালানি অনিশ্চয়তার প্রেক্ষাপটে দেশে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ স্থিতিশীল রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্র। পেট্রোলিয়াম ও বিস্ফোরক নিরাপত্তা সংস্থা (PESO) তাদের আঞ্চলিক দফতরগুলিকে সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন (CGD) প্রকল্পের আবেদন ১০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে। এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো এলপিজির ওপর নির্ভরতা কমিয়ে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস বা পিএনজি নেটওয়ার্ক দ্রুত সম্প্রসারণ করা।
পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি বাণিজ্যিক ক্ষেত্র যেমন— হোটেল, রেস্তোরাঁ ও শিল্প ইউনিটগুলিকে ধাপে ধাপে পিএনজিতে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পাইপলাইন বসানোর অনুমোদন দ্রুত দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। এমনকি কাজ ত্বরান্বিত করতে রাস্তা কাটার খরচ মকুব এবং নোডাল অফিসার নিয়োগের ওপর জোর দেওয়া হয়েছে। বর্তমানে দেশে প্রায় ১.৫৯ কোটি পরিবার পিএনজি ব্যবহার করছে।
অভ্যন্তরীণ উৎপাদনের কারণে যুদ্ধকালীন পরিস্থিতিতেও পিএনজি সরবরাহ এলপিজির তুলনায় অধিক সাশ্রয়ী ও নিরাপদ। দেশে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ৫০ শতাংশই বর্তমানে স্থানীয়ভাবে উৎপাদিত হচ্ছে। এই দ্বিমুখী কৌশলের মাধ্যমে একদিকে যেমন সাধারণ গ্রাহকদের এলপিজি জট থেকে মুক্তি দেওয়ার চেষ্টা চলছে, অন্যদিকে হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের মতো জরুরি ক্ষেত্রগুলোতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার অগ্রাধিকার বজায় রাখা হয়েছে।