জ্বালানি সংকটের আবহে বড় স্বস্তি, হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় জাহাজ চলাচলে অভয় দিল ইরান

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক জলপথ হরমুজ প্রণালীতে যুদ্ধকালীন উত্তেজনার মাঝে ভারতকে বড়সড় আশ্বাস দিল তেহরান। বৃহস্পতিবার ভারতের ইরানি দূতাবাস সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট জানিয়েছে, হরমুজের ভবিষ্যৎ ইরান ও ওমান নির্ধারণ করলেও ভারতীয় বন্ধুরা সেখানে সম্পূর্ণ নিরাপদ। বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে টান পড়ার আশঙ্কা থাকলেও, নয়াদিল্লির জন্য উদ্বেগের কোনও কারণ নেই বলে ফের নিশ্চিত করেছে বন্ধু দেশ ইরান।
পারস্য ও ওমান উপসাগরের মধ্যবর্তী এই সংকীর্ণ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ অপরিশোধিত তেল ও বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়। যুদ্ধের আবহে ইরান এই পথ অনেকটা রুদ্ধ করে রাখলেও ভারত, চিন ও রাশিয়ার মতো বন্ধুত্বপূর্ণ দেশগুলির জাহাজ চলাচলে বিশেষ অনুমতি দিয়েছে। ইতিমধ্যেই ভারতের পতাকাবাহী আটটি জাহাজ নিরাপদে এই পথ অতিক্রম করে দেশে ফিরেছে। বিশেষ করে ৩১ মার্চ ও ১ এপ্রিল প্রায় ৯৪ হাজার টন গ্যাস নিয়ে ‘BW ELM’ এবং ‘BW TYR’ নামে দুটি জাহাজ ভারতীয় বন্দরে পৌঁছেছে।
সূত্রের খবর, ইরান প্রশাসন যাতে সহজেই ভারতীয় জাহাজগুলিকে শনাক্ত করতে পারে, সেজন্য কিছুটা ঘুরপথে যাতায়াত করছে নয়াদিল্লির ভেসেলগুলো। বর্তমানে হরমুজ সংলগ্ন এলাকায় আরও ২০টি ভারতীয় জাহাজ অবস্থান করছে, যেগুলোতে দ্রুত এলপিজি বোঝাই করার প্রক্রিয়া চলছে। ইরানের এই ইতিবাচক সহযোগিতার ফলে দেশে রান্নার গ্যাসের সম্ভাব্য সংকট অনেকটাই কাটবে বলে আশা করা হচ্ছে। কৌশলগত এই অভয়বার্তা ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।