জ্বালানি সংকটের আশঙ্কা নেই: দেশে ২ মাসের পর্যাপ্ত তেল মজুত, আশ্বাস কেন্দ্রের

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির আবহে দেশে জ্বালানি সংকটের যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা উড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে, বর্তমানে দেশে পেট্রোল, ডিজেল এবং এলপিজি-র কোনো ঘাটতি নেই। আগামী ৬০ দিনের জন্য প্রয়োজনীয় অপরিশোধিত তেল ও পরিশোধিত জ্বালানি ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে। দেশের শোধনাগারগুলো পূর্ণ ক্ষমতায় কাজ করছে এবং সরবরাহে কোনো বিঘ্ন ঘটার সম্ভাবনা নেই।
কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতের মোট ৭৪ দিনের জ্বালানি মজুত করার ক্ষমতা রয়েছে, যার মধ্যে বর্তমানে দুই মাসের স্টক মজুত আছে। রাশিয়া, আমেরিকা ও অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমদানি প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে। এমনকি হরমুজ প্রণালীতে অস্থিরতা থাকলেও বিকল্প উৎস থেকে তেল সংগ্রহ করা হচ্ছে। দেশীয় উৎপাদন বৃদ্ধি পাওয়ায় আমদানির ওপর নির্ভরতাও আগের চেয়ে অনেকটা হ্রাস পেয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো জ্বালানি সংকটের গুজব নিয়ে দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে সরকার। বিভ্রান্তিকর তথ্য ছড়ালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। পাইপড ন্যাচরাল গ্যাস বা পিএনজি-র প্রচার কেবল পরিবেশবান্ধব শক্তির প্রসারের জন্য করা হচ্ছে, কোনো ঘাটতির কারণে নয়। বর্তমান পরিস্থিতিতে দেশের জ্বালানি নিরাপত্তা পুরোপুরি সুনিশ্চিত বলে জানিয়েছে কেন্দ্র।