জ্বালানি সংকটের জল্পনা উড়িয়ে আমজনতাকে স্বস্তি দিলেন অর্থমন্ত্রী

জ্বালানি সংকটের জল্পনা উড়িয়ে আমজনতাকে স্বস্তি দিলেন অর্থমন্ত্রী

আরব দুনিয়ায় যুদ্ধের আবহে দেশে ‘এনার্জি লকডাউন’ বা জ্বালানি সংকটের জল্পনা সম্পূর্ণ খারিজ করে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শুক্রবার তিনি স্পষ্ট জানান, দেশে পেট্রোল, ডিজেল বা রান্নার গ্যাসের কোনো ঘাটতি হবে না। আন্তর্জাতিক পরিস্থিতির দোহাই দিয়ে আপাতত তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। লকডাউন সংক্রান্ত খবরগুলোকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করে দেশবাসীকে আশ্বস্ত করেছেন তিনি।

জ্বালানির জোগান নিশ্চিত করতে একগুচ্ছ বড় পদক্ষেপের ঘোষণা করেছে কেন্দ্র। পেট্রোল ও ডিজেলের ওপর আবগারি শুল্ক উল্লেখযোগ্যভাবে হ্রাস করা হয়েছে, যার মধ্যে ডিজেলকে আপাতত শুল্কমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, দেশীয় বাজারে পর্যাপ্ত জোগান বজায় রাখতে জ্বালানি রফতানির ওপর বাড়তি শুল্ক আরোপ করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলোকে আমদানির ক্ষেত্রে বিশেষ সহায়তা প্রদানের আশ্বাসও দিয়েছেন অর্থমন্ত্রী।

এই ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও তুঙ্গে উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনাকালের লকডাউনের প্রসঙ্গ টেনে কেন্দ্রকে আক্রমণ করলে পাল্টা জবাব দেয় বিজেপি নেতৃত্ব। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জরুরি বৈঠকের পর অর্থমন্ত্রী সাফ জানিয়ে দেন, সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। অভ্যন্তরীণ সরবরাহ স্বাভাবিক রাখতে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকার বদ্ধপরিকর বলে তিনি সংবাদ সম্মেলনে জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *