জ্বালানি সংকটে নাজেহাল জনজীবন, পরিস্থিতি পর্যালোচনায় কাল জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রাজ্যে তীব্র রান্নার গ্যাস বা এলপিজি সংকট দেখা দিয়েছে। সাধারণ মানুষের হেঁশেল থেকে শুরু করে স্কুল ও হাসপাতালের রান্নায় এর ব্যাপক প্রভাব পড়েছে। জ্বালানির অভাবে অনেক রুটে অটো ভাড়া বৃদ্ধি পাওয়ায় পরিবহণ ব্যবস্থাও বিপর্যস্ত। উদ্ভূত এই পরিস্থিতি মোকাবিলায় আগামীকাল বৃহস্পতিবার নবান্নে এক জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কেন্দ্রীয় সরকারের ‘ভুল সিদ্ধান্তে’র কড়া সমালোচনা করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে নয়া নিয়ম ও পর্যাপ্ত মজুত না থাকায় এই আকাল তৈরি হয়েছে। কেন্দ্রের কাছে দেশের গ্যাস ভাণ্ডারের সঠিক তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন তিনি। রাজ্যবাসীর সুবিধার্থে প্রয়োজনে রাজ্য সরকার অর্থের সংস্থান করবে বলেও তিনি আশ্বাস দেন, তবে কেন্দ্রকে গ্যাসের জোগান অব্যাহত রাখতে হবে।
আগামীকালের বৈঠকে জ্বালানির কালোবাজারি রুখতে কড়া পদক্ষেপের নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী। অসাধু ব্যবসায়ীদের থেকে প্রয়োজনে গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করার ইঙ্গিতও মিলেছে। এছাড়া মিড-ডে মিল ও রোগীদের পরিষেবা সচল রাখতে বিকল্প ব্যবস্থার বিষয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন তিনি। প্রতিটি রাজ্য যাতে সমানুপাতে গ্যাসের ভাগ পায়, সেই দাবিও তুলেছেন মুখ্যমন্ত্রী।