জ্বালানি সংকটে বিশ্ব কাঁপলেও নিশ্চিন্ত ভারত! তেলের ভাণ্ডার নিয়ে সংসদে মোদীর মাস্টারপ্ল্যান

বিশ্বজুড়ে তেলের হাহাকারের মাঝেই ভারত গড়ছে বিশাল মজুত। সোমবার সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে এক ঐতিহাসিক ঘোষণা দিলেন। মোদী জানান, বর্তমানে ভারতের হাতে রয়েছে প্রায় ৫৩ লক্ষ মেট্রিক টন পেট্রোলিয়াম রিজার্ভ, যা যেকোনো আন্তর্জাতিক সংকট মোকাবিলায় সক্ষম।
তবে লক্ষ্য আরও বড়। কেন্দ্র এই মজুতকে দ্রুত ৬৫ লক্ষ মেট্রিক টনে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে। পশ্চিম এশিয়ার অস্থিরতা কিংবা সমুদ্রপথে সরবরাহ বিঘ্নিত হলেও যাতে দেশের অর্থনীতির চাকা না থামে, সেই লক্ষ্যেই এই আগ্রাসী প্রস্তুতি।
আমদানির ক্ষেত্রেও বড় চমক দিয়েছে ভারত। আগে যেখানে মাত্র ২৭টি দেশের ওপর তেল আমদানিতে নির্ভরশীল থাকতে হতো, এখন সেই তালিকায় যুক্ত হয়েছে ৪১টি দেশ। আমদানির উৎসে এই বৈচিত্র্য ভারতের জ্বালানি ঝুঁকি অনেকটাই কমিয়ে দিয়েছে। ভবিষ্যতের যেকোনো অনিশ্চয়তা রুখতে ভারত এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ও স্বাবলম্বী।