জ্বালানি সংকটে ভারতের পাশে রাশিয়া, জলসীমার কাছে ৯৫ লক্ষ ব্যারেল তেলের নৌবহর

জ্বালানি সংকটে ভারতের পাশে রাশিয়া, জলসীমার কাছে ৯৫ লক্ষ ব্যারেল তেলের নৌবহর

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে ভারতে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে দীর্ঘদিনের বন্ধু রাষ্ট্র রাশিয়া। ইজরায়েল ও আমেরিকার যৌথ অভিযানের পাল্টায় ইরান হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি দেওয়ায় বিশ্ববাজারে তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে রাশিয়ার একটি বিশাল নৌবহর প্রায় ৯৫ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে ভারতের জলসীমার সন্নিকটে অবস্থান করছে। নয়াদিল্লি সবুজ সংকেত দিলেই কয়েক সপ্তাহের মধ্যে এই বিপুল পরিমাণ জ্বালানি ভারতীয় বন্দরে পৌঁছে দিতে প্রস্তুত মস্কো।

ভারতের অভ্যন্তরীণ তেলের চাহিদার প্রায় ৮৫ শতাংশ আমদানির ওপর নির্ভরশীল, যার অর্ধেকই আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ বন্ধ হলে ভারতীয় অর্থনীতি বড়সড় ধাক্কা খেতে পারে। যদিও কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরী দাবি করেছেন যে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে এবং সরকার পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। তবে দীর্ঘমেয়াদী সংকটের কথা মাথায় রেখে রাশিয়ার এই প্রস্তাব কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

রুশ তেল আমদানির বিষয়ে ভারত সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, কারণ এর সঙ্গে জড়িয়ে আছে ভূ-রাজনৈতিক জটিলতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি ও প্রস্তাবিত বাণিজ্য চুক্তির শর্তানুযায়ী রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে ভারতের ওপর আন্তর্জাতিক চাপের সম্ভাবনা রয়েছে। এই টানাপোড়েনকে কেন্দ্র করে দেশের অভ্যন্তরেও রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে বিজেপি সরকারকে কটাক্ষ করে বলা হয়েছে, মার্কিন নিষেধাজ্ঞার ভয়ে মোদি সরকার রাশিয়ার এই বন্ধুত্বের প্রস্তাব গ্রহণ করতে দ্বিধাবোধ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *