জ্বালানি সংকট মোকাবিলায় কেন্দ্রের বড় ঘোষণা, পাইপলাইন গ্যাস থাকলে মিলবে না সিলিন্ডার

দেশে ক্রমবর্ধমান জ্বালানি সংকট সামাল দিতে বড়সড় পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। শনিবার জারি করা এক বিশেষ নির্দেশিকায় জানানো হয়েছে, যেসব গ্রাহকের বাড়িতে পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস (PNG) সংযোগ রয়েছে, তাঁরা আর এলপিজি সিলিন্ডার ব্যবহার করতে পারবেন না। এই সিদ্ধান্তের ফলে এখন থেকে কোনও রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা বা পরিবেশকের কাছ থেকে তাঁরা নতুন করে সিলিন্ডার রিফিল করতে পারবেন না।
মূলত মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অবরুদ্ধ হরমুজ প্রণালী দিয়ে ভারতের সিংহভাগ গ্যাস আমদানিতে ব্যাঘাত ঘটায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কেন্দ্র জানিয়েছে, রান্নার গ্যাসের অনটন কমাতে এবং মজুত নিশ্চিত করতে পাইপলাইন ব্যবহারকারীদের জন্য গার্হস্থ্য এলপিজি সংযোগ নিষিদ্ধ করা হয়েছে। সরকারের দাবি, যুদ্ধের আবহে প্রায় ৮৮ লক্ষ আগাম বুকিং আসায় এবং কিছু অসাধু ব্যবসায়ীর কালোবাজারির ফলে এই কৃত্রিম সংকট তৈরি হয়েছে।
সংকট নিরসনে কূটনৈতিক তৎপরতাও শুরু করেছে দিল্লি। ইরানের সাথে আলোচনার পর কয়েকটি ভারতীয় পতাকাবাহী জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে আমদানিতে কিছুটা গতি এলেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্রাহকদের আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী বুকিং করার পরামর্শ দিয়েছে প্রশাসন। কালোবাজারি রুখতে দেশজুড়ে ধারাবাহিক অভিযান চালানোর আশ্বাস দিয়েছেন উচ্চপদস্থ আধিকারিকরা।