জ্যোতিষ চর্চার আড়ালে ৫৮ নারীকে যৌন নির্যাতন: নাসিকে গ্রেপ্তার প্রাক্তন নৌ-অফিসার

মহারাষ্ট্রের নাসিকে জ্যোতিষ শাস্ত্রের আড়ালে নারীদের ওপর ভয়াবহ যৌন নির্যাতনের অভিযোগে প্রাক্তন মার্চেন্ট নেভি অফিসার অশোক খারাত ওরফে ‘ক্যাপ্টেন’কে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ৩৫ বছর বয়সী এক নারীকে একাধিকবার ধর্ষণের পাশাপাশি মোট ৫৮ জন নারীকে লালসার শিকার বানানোর প্রমাণ পাওয়া গেছে। বুধবার রাতে নাসিকের একটি ফার্ম হাউস থেকে নাটকীয় অভিযানে তাকে হেফাজতে নেয় প্রশাসন।
তদন্তকারীদের দাবি, স্বামীর অকাল মৃত্যুর ভয় দেখানো বা পারিবারিক কলহ মেটানোর প্রলোভন দিয়ে নারীদের ফাঁদে ফেলতেন অশোক। এরপর তাঁদের মাদকদ্রব্য সেবন করিয়ে চলত নির্যাতন। নাসিকে নিজের অফিসে বসানো সিসিটিভি ক্যামেরা ও তল্লাশিতে উদ্ধার হওয়া একটি পেনড্রাইভে অন্তত ৫৮ জন নারীর সঙ্গে অভিযুক্তের আপত্তিকর ভিডিও পাওয়া গেছে। এছাড়া তার ডেরা থেকে বিপুল পরিমাণ বিতর্কিত নথিও জব্দ করা হয়েছে।
ঘটনার গুরুত্ব বিবেচনায় মহারাষ্ট্র সরকার একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছে। জানা গেছে, অভিযুক্ত অশোক খারাত প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বদের ঘনিষ্ঠ এবং মীরগাঁও এলাকার একটি মন্দিরের নির্মাতা। বর্তমানে পুলিশি হেফাজতে থাকা এই অপরাধীর নেটওয়ার্ক এবং নির্যাতনের শিকার অন্যান্যদের বিষয়ে আরও তথ্য পেতে বিশদ অনুসন্ধান চালানো হচ্ছে। পেশাদারীত্বের আড়ালে চলা এই জঘন্য অপরাধে স্তম্ভিত গোটা এলাকা।