জ্যোতিষ চর্চার আড়ালে ৫৮ নারীকে যৌন নির্যাতন: নাসিকে গ্রেপ্তার প্রাক্তন নৌসেনা কর্মকর্তা

মহারাষ্ট্রের নাসিকে জ্যোতিষ চর্চার আড়ালে ৫৮ জন নারীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন মার্চেন্ট নেভি অফিসার অশোক খারাতকে। ‘ক্যাপ্টেন’ নামে পরিচিত এই অভিযুক্ত নিজের অফিসে নারীদের ফাঁদে ফেলে মাদক খাইয়ে লালসার শিকার বানাতেন বলে অভিযোগ। সম্প্রতি ৩৫ বছর বয়সি এক নারীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে বুধবার রাতে তাকে তাঁর ফার্ম হাউস থেকে নাটকীয়ভাবে গ্রেপ্তার করে।
তদন্তকারীদের দাবি, অভিযুক্ত অশোক ‘অকাস প্রপার্টি ডিলারস’ নামে একটি অফিস খুলে সেখানে সিসি ক্যামেরা বসিয়ে কুকীর্তি চালাতেন। তল্লাশিতে উদ্ধার হওয়া একটি পেনড্রাইভে ৫৮ জন নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও পাওয়া গিয়েছে। ভুক্তভোগীদের পারিবারিক বিবাদ মেটানো বা স্বামীর অকাল মৃত্যুর ভয় দেখিয়ে তিনি তান্ত্রিক ক্রিয়াকলাপের নামে এই জঘন্য অপরাধ সংঘটিত করতেন।
ইতিমধ্যেই মহারাষ্ট্র সরকার এই ঘটনার তদন্তে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছে। জানা গিয়েছে, অভিযুক্তের সঙ্গে প্রভাবশালীদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং তিনি মীরগাঁও এলাকায় একটি মন্দিরও নির্মাণ করেছিলেন। পুলিশ উদ্ধারকৃত পেনড্রাইভ ও নথিপত্র খতিয়ে দেখে এই বিশাল যৌন কেলেঙ্কারির শিকড়ে পৌঁছানোর চেষ্টা করছে। বর্তমানে অভিযুক্ত পুলিশি হেফাজতে রয়েছেন।