ঝড়বৃষ্টিতে ভিজছে কলকাতা ও দক্ষিণবঙ্গ আগামী বৃহস্পতিবার পর্যন্ত জারি থাকবে দুর্যোগের দাপট

পূর্বাভাস মিলিয়ে শুক্রবার মধ্যরাত থেকেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিতে ভিজেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ শনিবারও দিনভর শহর ও সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যজুড়ে এমন দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকতে পারে। দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, বাঁকুড়া ও বর্ধমান-সহ বিভিন্ন জেলায় ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলোতেও ঝড়বৃষ্টির জেরে সতর্কতা জারি করা হয়েছে। এই কয়েকদিন সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার কথা বলেছে আবহাওয়া দপ্তর।