ঝাঁ চকচকে এসি বাস টার্মিনাস পাচ্ছে রায়দিঘি মিটবে দীর্ঘদিনের ভোগান্তি

দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে পরিবহণ ব্যবস্থায় এক বড়সড় বদল আসতে চলেছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক বাস টার্মিনাসটির কাজ এখন শেষ পর্যায়ে। সুন্দরবন উন্নয়ন দফতরের জমিতে তৈরি এই প্রকল্পের কাজ আগামী এক সপ্তাহের মধ্যেই সম্পন্ন হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এর ফলে রায়দিঘি ছাড়াও পাথরপ্রতিমা এবং কুলতলি এলাকার কয়েক লক্ষ মানুষ সরাসরি উপকৃত হবেন।
যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এই নতুন টার্মিনাসে তৈরি করা হয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক বসার জায়গা। এক সময় বালির জোগানে সমস্যার কারণে নির্মাণকাজ সাময়িকভাবে থমকে গেলেও, বর্তমানে তা পুরোদমে চলছে। আগে যেখানে একটি আসাম্পূর্ণ ভবন পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল, সেটিকেও সংস্কার করে নতুন রূপ দেওয়া হয়েছে। এই টার্মিনাস চালু হলে এলাকায় নতুন করে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং ছোট গাড়ি রাখার জন্য থাকছে আলাদা ব্যবস্থা।
বর্তমানে রায়দিঘি থেকে ধর্মতলা পর্যন্ত সরাসরি বাস পরিষেবা বন্ধ থাকায় যাত্রীদের ডায়মন্ড হারবার পর্যন্ত ছোট বাসে যাতায়াত করতে হয়। এছাড়া নিকটতম রেল স্টেশনটিও প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত। রায়দিঘির বিধায়ক ড. অলোক জলদাতা জানান, এই অঞ্চলের মানুষের প্রধান ভরসা সড়কপথ। নতুন এই টার্মিনাস চালু হলে যানজট সমস্যার সমাধান হবে। সেই সঙ্গে ভবিষ্যতে এখান থেকে দিঘা বা হাওড়ার মতো দূরপাল্লার বাস পরিষেবা চালুর পরিকল্পনাও রয়েছে রাজ্য সরকারের। দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলায় খুশির হাওয়া এলাকায়।