টয়লেটে মোবাইল ব্যবহার ডেকে আনছে মারাত্মক বিপদ, সাবধান না হলে হতে পারে প্রাণঘাতী রোগ

বর্তমান যুগে স্মার্টফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমানোর আগে পর্যন্ত মোবাইল আমাদের হাতেই থাকে। তবে উদ্বেগের বিষয় হলো, বর্তমানে অনেক মানুষই টয়লেটে যাওয়ার সময় সাথে করে মোবাইল ফোন নিয়ে যান। বিশেষজ্ঞ ও চিকিৎসকদের মতে, এই অভ্যাসটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এটি বড় ধরনের শারীরিক বিপর্যয় ডেকে আনতে পারে।
চিকিৎসা বিজ্ঞানীদের মতে, শৌচাগার হলো জীবাণু বংশবৃদ্ধির প্রধান কেন্দ্রস্থল। টয়লেট সিট থেকে শুরু করে ফ্লাশ বাটন—সবখানেই অদৃশ্য ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ভাইরাস লেগে থাকে। যখন কেউ টয়লেটে মোবাইল ব্যবহার করেন, তখন হাতের মাধ্যমে সেই জীবাণুগুলো মোবাইলের স্ক্রিনে চলে আসে। স্মার্টফোনের স্ক্রিন তখন টয়লেট সিটের চেয়েও বেশি নোংরা ও বিপজ্জনক হয়ে ওঠে, যা খালি চোখে বোঝা আসাম্ভব।
গবেষণায় দেখা গেছে, টয়লেটে ফ্লাশ করার সময় মূত্র বা মলের সূক্ষ্ম কণা বাতাসে প্রায় তিন ফুট দূরত্ব পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। এই কণাগুলো সরাসরি মোবাইলের গায়ে আটকে যায়। স্মার্টফোনের গায়ের এই ব্যাকটেরিয়া পরবর্তীতে স্পর্শের মাধ্যমে আমাদের মুখ বা খাবারের সাথে শরীরে প্রবেশ করে। এর ফলে ডায়রিয়া, টাইফয়েড, শিগেলা এবং দীর্ঘস্থায়ী পেটের রোগের প্রকোপ ব্যাপকভাবে বৃদ্ধি পায়।
বিশেষজ্ঞরা আরও সতর্ক করেছেন যে, পাবলিক টয়লেটে এই ঝুঁকি আরও কয়েক গুণ বেড়ে যায়। অপরিচ্ছন্ন শৌচাগারে মোবাইল ব্যবহারের ফলে ক্ষতিকর সব জীবাণু সহজেই শরীরে সংক্রমণ ঘটায়, যা থেকে তীব্র জ্বর ও পেটের সমস্যা দেখা দেয়। ফোনের স্ক্রিন নিয়মিত পরিষ্কার না করলে এই জীবাণুগুলো দীর্ঘ সময় সেখানে বেঁচে থাকে এবং ব্যবহারকারীকে বারবার অসুস্থ করে তোলে।
সুস্থ থাকতে এবং বড় কোনো সংক্রমণ এড়াতে এখনই সচেতন হওয়া জরুরি। চিকিৎসকদের পরামর্শ হলো, টয়লেটে যাওয়ার সময় মোবাইল নেওয়ার অভ্যাস অবিলম্বে ত্যাগ করুন। শারীরিক সুস্থতা বজায় রাখতে শৌচাগার থেকে ফেরার পর হাত ভালোভাবে সাবান দিয়ে ধোয়ার পাশাপাশি মাঝে মাঝে স্মার্টফোনের স্ক্রিন জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা উচিত। একটি ছোট অভ্যাস বদলই আপনাকে বড় বিপদ থেকে রক্ষা করতে পারে।